শহরে পা দিয়েই ডার্বির প্রহর গুনতে শুরু করে দিলেন বাগানের নতুন বিদেশি স্টপার জুদেলিন আভেস্কা। তাঁর কথায়, ‘‘ডার্বি নিয়ে প্রচুর গল্প শুনেছি বন্ধু সনি নর্দির কাছে। এখানে পৌঁছে এখন মনে হচ্ছে কবে মাঠে নামব। ডার্বি খেলব।’’ শনিবার বিমানবন্দর থেকে বেরিয়েই সোজা আইএফএ-তে সই করতে চলে যান হাইতির জাতীয় দলের ডিফেন্ডার। তবে সোমবারের এরিয়ান ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে কি না, সেটা ঠিক করবেন কোচ সঞ্জয় সেনই। এ দিন বাগান কোচ বললেন, ‘‘দেড় মাস আগে শেষ ম্যাচ খেলেছে জুদেলিন। এখন কী অবস্থায় আছে, সেটা আগে না দেখে কোনও কথা বলতে পারব না। প্র্যাকটিসের পরে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’’
এ দিকে, ঝামেলায় জড়িয়ে মোহনবাগান ম্যাচে বেঞ্চে বসার অধিকার হারালেন এরিয়ান কোচ রাজদীপ নন্দী। শনিবার গয়েশপুরে কালীঘাট এমএসের সঙ্গে ০-১ গোলে হারল রঘু নন্দীর ছেলের দল। তাঁর আচরণে ক্ষুব্ধ ম্যাচ কমিশনার খেলা চলাকালীন-ই তাঁকে মাঠের বাইরে বার করে দেন। পরে রাজদীপ অভিযোগ করেন, ‘‘ম্যাচ কমিশনার পরের মোহনবাগান ম্যাচে আমাকে বেঞ্চে বসতে বারণ করেছেন। তাই গ্যালারি থেকেই খেলা দেখব।’’