বাবা তো বটেই, মামাও আন্তর্জাতিক ক্রিকেটে তারকা। কিন্তু প্রাক্তন অস্ট্রেলীয় টপঅর্ডার ব্যাটসম্যান তথা বর্তমান জাতীয় দলের কোচ ডারেন লেম্যানের ছেলে বলুন, কিংবা প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার ক্রেগ হোয়াইটের ভাগ্নে বলুন, বছর তেইশের সেই জেক লেম্যানের বুধবারের আগে পর্যন্ত প্রথম শ্রেণি-লিস্ট এ-টোয়েন্টি২০ মিলিয়ে সিভিতে মাত্র ১৫টা ম্যাচ। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেললেও এ দিনের আগে পর্যন্ত গোটা লিগে একটাও বল খেলার সুযোগ ঘটেনি। বাবার মতোই বাঁ-হাতি সেই লেম্যান জুনিয়র অবশ্য মাঠে নেমেই সংবাদের শিরোনামে। স্যর ডনের মাঠ অ্যা়ডিলেড ওভালে হোবার্ট হারিকেন্সের দেওয়া টার্গেট ১৪৪ তাড়া করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জিততে শেষ বলে দরকার ছিল চার রান। পেসার সাইমন মিলেনকোর শেষ ডেলিভারিটাই বিগ ব্যাশে জেক লেম্যানের কাছে প্রথম বল। এবং বাউন্ডারি নয়, মিড অফের উপর দিয়ে সটান ছক্কা হাঁকিয়ে ডারেন লেম্যান-পুত্র দলকে ম্যাচের শেষ বলে রোমাঞ্চকর ছয় উইকেটে জয় এনে দেন। পরক্ষণে চলতি ভারত সিরিজের মধ্যেই ব্রিসবেনে অস্ট্রেলিয়া শিবির থেকে জাতীয় কোচ ডারেন লেম্যান টুইট করেন, ‘বাহ, অসাধারণ! খুব ভাল লাগছে। গর্বিত বাবা এবং পরিবার।’