Advertisement
E-Paper

বৈশাখ পড়তেই বাজারে এল একগুচ্ছ মুঠোবন্দি ডিভাইস, ব্যাটারি-ক্যামেরায় সস্তায় মন ভরাবে কোন কোন স্মার্টফোন?

বাংলা নতুন বছরের গোড়াতেই বাজারে এসেছে একাধিক সংস্থার স্মার্টফোন। এদের মধ্যে কারও ব্যাটারি ভাল, তো কোনওটাতে আবার রয়েছে দুর্দান্ত ছবি তোলার শক্তিশালী ক্যামেরা। ‘বাজেট-বান্ধব’ ফোনও কিনতে পারবেন গ্রাহক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৯:০৫
Representative Picture

—প্রতীকী চিত্র।

বৈশাখের গরমে আমবাঙালির গলদঘর্ম দশা। বাংলা বছরের শুরুতেই কিন্তু স্মার্টফোনের বাজার কাঁপাচ্ছে একাধিক ব্র্যান্ড। দোকানে দোকানে চলে এসেছে বেশ কয়েকটা দুর্দান্ত ডিভাইস। এদের মধ্যে কোনটা ‘বাজেট-বান্ধব’? দামি স্মার্টফোনের তালিকায় নাম আছে কাদের? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

বিশেষজ্ঞদের কথায়, ‘বাজেট-বান্ধব’ স্মার্টফোনের তালিকার শীর্ষে আছে ভিভোর ‘ভি৩১ডি’। সংশ্লিষ্ট ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৬এস জেন৩ প্রসেসার, ৭,২০০ এমএইচ ব্যাটারি, ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সল ক্যামেরা এবং আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়েছে চিনা নির্মাণকারী সংস্থা। ফলে অফলাইন শপিংয়ের অন্যতম সেরা ফোন হতে পারে ‘ভি৩১ডি’।

এই তালিকায় দ্বিতীয় নাম মোটোরোলা ‘জি৬৭’-এর। এতে ডিমেনসিটির ৬,৩০০ প্রসেসার, অ্যামোলেট ডিসপ্লে এবং ৫,২০০ এমএইচ ব্যাটারি পাবেন গ্রাহক। একটু দামি ফোন খুঁজলে ওপো ‘এ৬আই’তে নজর দিতে পারেন তিনি। এতেও ডিমেনসিটির ৬,৩০০ প্রসেসার পাবেন ব্যবহারকারী।

Advertisement

বৈশাখে বাজারকাঁপানো বড় বাজেটের স্মার্টফোন হল ওয়ানপ্লাস ‘নড সিই-৬’। এতে ৯০০০ এমএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭এস জেন-৪ প্রসেসার এবং ১৬৫ হার্ৎজের অ্যামোলেট ডিসপ্লের স্বাদ পাবেন গ্রাহক। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে ‘নাম বদলে’ দোকানে এসেছে আইকিউয়ের ‘জ়েড-১১’। সংশ্লিষ্ট স্মার্টফোনগুলির নতুন পরিচয় ভিভো ‘টি-৫’।

বিশ্লেষকদের একাংশের দাবি, চিনা সংস্থাটির এই ডিভাইসটি পছন্দ করবেন মাঝারি বাজেটের গ্রাহকেরা। ‘টি-৫’-এ আছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অন্য দিকে সেলফি-লাভারদের কথা মাথায় রেখে একটি স্মার্টফোন বাজারে এনেছে রিয়্যালমি, নাম ‘১৬টি’, যার সামনের দিকের ক্যামেরাই ৫০ মেগাপিক্সলের।

বর্তমানে ভিডিয়ো গেমের কথা মাথায় রেখেও স্মার্টফোন কেনেন বহু মানুষ। তাঁদের জন্য আদর্শ ডিভাইস হতে পারে পোকো ‘এম৮ প্রো’। ৬,০০০ এমএইচ ব্যাটারির পাশাপাশি এতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন গ্রাহক। তবে সাম্প্রতিক সময়ে দ্রুত ফোন খারাপ হওয়ার ‘বদনাম’ গায়ে লেগেছে পোকোর। কেনার সময় সেটাও মাথায় রাখতে বলছেন বিশ্লেষকেরা।

এ ছাড়া স্মার্ট লুকের ফোন বাজারে এনেছে ইনফিনিক্স, নাম ‘নোট ৬০ প্রো’। কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭এস জেন-৪ প্রসেসারের সঙ্গে ১৪৪ হার্ৎজের ডিসপ্লে রয়েছে তাতে। ৩০-৪০ হাজার টাকা দামের স্মার্টফোন কেনার কথা ভাবলে ওয়ানপ্লাসের ‘নড-৬’ বেছে নিতে পারেন গ্রাহক। ৯,০০০ এমএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগনের ৮এস জেন-৪ প্রসেসার এবং ১৬৫ হার্ৎজের ডিসপ্লেতে ডিভাইসটিকে সাজিয়েছে নির্মাণকারী সংস্থা।

বাংলা নববর্ষে ছবি কেন্দ্রিক ফোন হল ভিভোর ‘ওয়াই-৫০০ প্রো’। এর ক্যামেরার আকার ২০০ মেগাপিক্সল। এ ছাড়া ৭,০০০ এমএইচ ব্যাটারি রয়েছে সংশ্লিষ্ট ডিভাইসে। ‘বাজেট-বান্ধব’ ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ দিচ্ছে মোটোরোলা ‘এজ় ৭০ প্রো’। যাতে তিনটে ৫০ মেগাপিক্সলের ক্যামেরা দিয়েছে নির্মাণকারী সংস্থা।

এপ্রিলে অবশ্য বাজারে আসেনি আইকিউর ‘নিও-১১’, ভিভোর ‘এক্স৩০০ এফই’ এবং ‘টি-৫ আল্ট্রা’। এর মধ্যে প্রথম দু’টির দাম যথেষ্ট বেশি হবে বলে মনে করা হচ্ছে। তবে শেষেরটির ‘বাজেট-বান্ধব’ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

Smartphone Android Phones Tech tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy