টিউলিপে ঢেকেছে বাগিচা। আর সেই বাগিচায় হাতে হাত দিয়ে হেঁটে যাচ্ছেন দুই প্রেমিক প্রেমিকা। একজন অমিতাভ বচ্চন। অন্য জন রেখা ভানু গণেশন। পিছনে যশ চোপড়ার ক্যামেরায় তৈরি হচ্ছে অনিন্দ্য মুহূর্ত। যা দেখে পাঁচ দশক পরেও দীর্ঘশ্বাস ফেলবে তরুণ প্রজন্ম। প্রেমিক বা প্রেমিকার হাত ধরে অমনই টিউলিপের বাগিচায় দাঁড়িয়ে বলতে চাইবে— ‘‘ইয়ে কাঁহা আ গয়ে হাম...’’। তেমন দৃশ্যপট তৈরির সুযোগ কিন্তু হারিয়ে যায়নি। আজও চাইলে শ্রীনগরের সেই টিউলিপ বাগিচায় দাঁড়িয়েই প্রিয় মানুষটির হাত ধরে স্বপ্নিল মুহূর্ত তৈরি করা সম্ভব। আর সেই সুযোগ মিলবে এই মার্চ-এপ্রিলেই।
শ্রীনগরে শুরু হয়ে গিয়েছে টিউলিপ ফেস্টিভাল। ১৬ মার্চ থেকেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের বাগিচায় সেই উৎসবের উদ্বোধন হয়েছে। অন্তত ৭০ রকমের টিউলিপের ১৮ লক্ষ ফুলের কুঁড়ি ধরেছে জ়াবরাওয়ান পাহাড়ের পা ঘেঁষা টিউলিপের ওই বাগানে। যা নিসর্গ শোভা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। দেশের পর্যটন মন্ত্রকও নিজেদের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে টিউলিপ দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন আগ্রহী পর্যটকদের।
যদি কেউ কাশ্মীরের ইন্দিরা গান্ধী টিউলিপ বাগিচার এই ফুলেল রূপ দেখতে চান তবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সেই সুযোগ থাকবে। এই সময় কাশ্মীরে গেলে শ্রীনগরে তাপমাত্রাও বেশ আরামদায়ক পাবেন। দেখতে পাবেন নানা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতি দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে টিউলিপের বাগিচা। এ সময়ে টিউলিপের বাগান আর সেখান থেকে ডাল লেকের দৃশ্য দেখার মতো হয়।