অনাবাসী ভারতীয়। সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১.১২ কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাবও পেয়েছেন। তা সত্ত্বেও ভারতে ফেরার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তরুণ। মোটা টাকা রোজগারের সুযোগ কেন ছেড়ে দিতে চান, সেই কারণও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তরুণ। পোস্টে তরুণ বিস্তারিত ভাবে জানিয়েছেন কেন তিনি টেক্সাসের অস্টিনে চাকরির প্রস্তাব পেয়েও দেশের ফিরতে চান। ভাইরাল হয়েছে সেই পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
তরুণ রেডিট পোস্টে নেটাগরিকদের মতামত জানতে চেয়ে লিখেছেন, তিনি ইন্ডিয়ানা থেকে স্নাতকোত্তরের ডিগ্রি হাতে পেয়েছেন। অস্টিনে মাসিক ১ লক্ষ ২০ হাজার ডলার (বেসিক ১ লক্ষ ডলার) বেতনের চাকরির প্রস্তাব এসেছে তাঁর কাছে। কিন্তু একটি ছোট সমস্যা রয়েছে তাঁর। প্রায় ৪০ হাজার ডলারের একটি ঋণ বাকি আছে তরুণের। কিন্তু বিদেশে থাকতে থাকতে একাকিত্বে ভুগছেন তিনি। বিষণ্ণতায় ডুবে যেতে চান না তিনি। সে কারণে দেশে ফিরতে চাইছেন। অনাবাসী ভারতীয় তরুণ এই কী ভাবে বিষয়টির নিষ্পত্তি করবেন সে বিষয়ে নেটামাধ্যমের সাহায্য চেয়েছেন। আমেরিকা ছাড়ার আগে কত টাকা সঞ্চয় করতে হবে তা জানতে চেয়েছিলেন। তিনি লিখেছেন, ‘‘আমি এখন খুব হতাশ এবং দেশে ফেরার আগে যতটা সম্ভব সঞ্চয় করতে চাই। কেউ কি আমায় একটি মোটামুটি ধারণা দিতে পারবেন যে আমার হাতে কত টাকা থাকবে এবং আমি আনুমানিক ৩/৪ বছরে কত টাকা সঞ্চয় করতে পারব?’’
তরুণের প্রশ্নের উত্তরে এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘‘৪০ হাজার ডলারের ঋণ মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য নিজেকে অন্তত দুই বছরের সময় দিতে হবে।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘ঋণ পরিশোধ করেও বছরে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ডলার সঞ্চয় করা সম্ভব। যেহেতু টেক্সাসে গাড়ি ছাড়া আপনার চলবে না, তাই একটি পুরনো বা ব্যবহৃত গাড়ি কিনুন। ফ্ল্যাটের ভাড়া ভাগাভাগি করে নিন।’’