Advertisement
E-Paper

‘এ কী পোশাক, বাড়ি ফিরতে ইচ্ছাই করে না’! স্ত্রীর সাজগোজ নিয়ে কটাক্ষ তরুণের, ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া দিল নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্ত্রী যে ভাবে পোশাক পরেছেন, কাজ থেকে ফেরার পর তা দেখে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন স্বামী। স্ত্রীর সাধারণ পোশাক নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায় ভিডিয়োয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ভারতীয় পোশাকে না দেখে খেপে গেলেন স্বামী। একই সঙ্গে সাজগোজ না করা, সিঁদুর না পরা নিয়েও বাক্যবাণ শুনতে হল তরুণীকে। বাড়ি ফিরে শান্ত হয়ে না বসে বার বার স্ত্রীর পোশাক-আশাক নিয়ে তির্যক মন্তব্য করতে শুরু করেন তরুণ। স্ত্রীর সাদামাঠা পোশাক তাঁর বাড়ি ফেরার আগ্রহ কমিয়ে দেয়। দাম্পত্যকলহের সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। তরুণের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভি়ডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্ত্রী যে ভাবে পোশাক পরেছেন, কাজ থেকে ফেরার পর তা দেখে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন স্বামী। স্ত্রীর সাধারণ পোশাক নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায় ভিডিয়োয়। তরুণকে ভিডিয়োয় বলতে শোনা যায় যে, কাজ সেরে তাঁর বাড়ি ফেরার উৎসাহ থাকে না। কারণ তাঁর স্ত্রী শাড়ি বা চুড়িদারের মতো পোশাকের পরিবর্তে আরামদায়ক পোশাক পরতে পছন্দ করেন। তরুণের মতে, স্ত্রীকে শর্টস ও টি-শার্টে দেখলে তিনি নিজেকে বিবাহিত বলে ভাবতে পারেন না। স্ত্রী তাঁকে শান্ত করতে গেলেও ক্ষুব্ধ স্বরে স্ত্রীর হাত সরিয়ে দিয়ে বলেন, ‘‘আমাকে ছুঁয়ো না। আমার বাড়ি ফিরতে ইচ্ছে করে না। তুমি কি সারা জীবন হাফপ্যান্ট আর টি-শার্ট পরেই কাটাতে চাও?’’

বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তরুণ জানান, কাজের জন্য দীর্ঘ সময় বাইরে থাকার পর তিনি এমন একজন স্ত্রীর কাছে ফিরতে চান যাকে দেখতে সুন্দর ও পরিপাটি মনে হয়। তাই তিনি পরামর্শ দেন যে, তাঁর স্ত্রীর উচিত ভারতীয় পোশাক পরা, সিঁদুর লাগানো এবং নিজের সাজসজ্জার প্রতি যত্নবান হওয়া।

Advertisement

ভিডিয়োটি ‘রমেশঅফিসিয়ালজ়িরো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার তা নেটাগরিকদের নজর কেড়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৪ হাজার নেটাগরিকের লাইক পড়েছে তাতে। অনলাইনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এই ভিডিয়োটি। নেটাগরিকদের একাংশ বিবাহিত নারীর ওপর চাপানো অবাস্তব ও পিতৃতান্ত্রিক প্রত্যাশার কড়া নিন্দা করেছেন। তাঁদের যুক্তি, বাড়িতে পোশাকের স্বাচ্ছন্দ্যকে সঙ্গীর ইচ্ছা অনুযায়ী বিচার করা বা নিয়ন্ত্রণ করা উচিত নয়। আবার কিছু নেটমাধ্যম ব্যবহারকারীর মতে ভিডিয়োটি সাজানো ও পূর্বপরিকল্পিত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy