Advertisement
E-Paper

গাড়ির দরজা খুলতেই সজোরে ধাক্কা বাইকের, ছিটকে শূন্যে উড়লেন আরোহীরা, মৃত এক! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল। গাড়ির চালক রাস্তা দিয়ে আগত যানবাহনের দিকে খেয়াল না করেই হঠাৎ দরজাটি খুলে দেন। উল্টো দিক থেকে প্রবল গতিতে ছুটে আসা মোটরবাইকটি সময়মতো থামতে না পেরে সরাসরি দরজাটিতে ধাক্কা দেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৩:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তাঘাটে চলার সময় হঠাৎ করেই গাড়ির দরজা খুললে তাতে ধাক্কা খান পথচারী বা বাইকচালকেরা। তেমনই এক ঘটনা এতটাই মারাত্মক হয়ে উঠল যে তাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত হলেন অন্য এক জন। রাস্তায় দাঁড় করানো একটি চারচাকার চালক দরজা খুলতেই তাতে সজোরে ধাক্কা মারে একটি বাইক। ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদের। সেই মর্মান্তিক ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল। গাড়ির চালক রাস্তা দিয়ে আগত যানবাহনের দিকে খেয়াল না করে হঠাৎই দরজাটি খুলে দেন। উল্টো দিক থেকে প্রবল গতিতে ছুটে আসা মোটরবাইকটি সময়মতো থামতে না পেরে সরাসরি দরজাটিতে ধাক্কা দেয়। সেই দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে যান চালক ও সওয়ারি দু’জনেই। বাইকআরোহীদের মধ্যে চালকের মাথায় হেলমেট থাকলেও পিছনে বসা আরোহীর মাথায় কাপড়ের পাগড়ি পরা ছিল।

চোট এতটাই মারাত্মক ছিল যে তিনি মারা যান। অন্য জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনাটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

তুষার রাই নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর এই মর্মান্তিক ঘটনাটি সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। গাড়িচালক ও বাইকচালক উভয়ের দায়িত্ববোধ নিয়ে অনলাইনে বিতর্কের জন্ম হয়েছে। দুর্ঘটনায় দোষ কার সে নিয়ে নেটাগরিকেরা দ্বিধাবিভক্ত। নেটমাধ্যমের একাংশ মনে করছেন, চালক রাস্তার চারপাশ না দেখে অসতর্ক হয়ে দরজা খোলাতেই এই দুর্ঘটনা। আবার কেউ কেউ বাইকচালকের অতিরিক্ত গতিকেই দায়ী করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

Uttar Pradesh Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy