Advertisement
E-Paper

গাড়িতে ধাক্কা লাগা নিয়ে বচসা, ক্যাবচালককে ‘শিক্ষা’ দিতে বৃদ্ধা মাকে ধাক্কা মেরে মাটিতে ফেললেন তরুণ! ভিডিয়ো ভাইরাল

বেঙ্গালুরুর গুট্টাহাল্লি উড়ালপুলে ওঠার সময় গাড়িগুলি ধীরগতিতে চলছিল। তারই মধ্যে একটি অ্যাপক্যাব ওই ব্যক্তির গাড়িতে হালকা ধাক্কা দিয়ে দেয়। গাড়িতে ধাক্কা লাগতেই দরজা খুলে বেরিয়ে আসেন গাড়িচালক তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৬:১৫

ছবি: সংগৃহীত।

ক্যাবচালককে উচিত শিক্ষা দিতে গিয়ে মা-কেই ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিলেন এক তরুণ। বেঙ্গালুরুর রাস্তায় গাড়ি চালাতে গিয়ে মেজাজ হারিয়ে এক ক্যাবচালকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তরুণ। বাধা দিতে এসে ছেলের ধাক্কায় রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যান বৃদ্ধা। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেঙ্গালুরুর গুট্টাহাল্লি উড়ালপুলে ওঠার সময় গাড়িগুলি ধীরগতিতে চলছিল। তারই মধ্যে একটি অ্যাপক্যাব ওই ব্যক্তির গাড়িতে হালকা ধাক্কা দিয়ে দেয়। গাড়িতে ধাক্কা লাগতেই দরজা খুলে বেরিয়ে আসেন গাড়িচালক তরুণ। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণের পাশে বসা এক মহিলা তাঁকে সংযত হতে অনুরোধ করা সত্ত্বেও তিনি রাগে গাড়ি ছেড়ে বেরিয়ে এলেন। উত্তেজনার মুহূর্তে তরুণের মা-সহ গাড়ির অন্য যাত্রীরাও তাঁকে অনুসরণ করে রাস্তায় নেমে আসেন। বৃদ্ধা তাঁর ছেলেকে ক্যাবচালককে মারধর করা থেকে বিরত করার চেষ্টা করেন। সেই সময়ই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। তরুণ ক্যাবচালকের উপর হামলা চালাতে গিয়ে বাধা পেয়ে মা-কেই মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন। এর পর তাঁকে ক্যাব চালককে চড় মারতেও দেখা গিয়েছে ভিডিয়োয়।

ভিডিয়োটি ‘সোস্যাল_কপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা নজর কেড়েছে নেটমাধ্যমে। পোস্টে লেখা হয়েছে, ‘‘ক্যাবচালককে সজোরে থাপ্পড় মারছেন তরুণ। পুলিশ ঘটনাস্থলে এসে কোনও ব্যবস্থা নেয়নি। কেন এমন গুন্ডামি সহ্য করা হয়?’’ পোস্টটিতে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করেছেন পোস্টদাতা। পোস্টটির জবাবে বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, ‘‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

Bengaluru App Cab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy