Advertisement
E-Paper

লেবুর শরবতের জন্যও দিতে হচ্ছে গ্যাসের অতিরিক্ত দাম! বেঙ্গালুরুর ক্যাফের ‘তুঘলকি’ কাণ্ড দেখে সমালোচনার ঝড় নেটপাড়ায়

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টে দেখা গিয়েছে বেঙ্গালুরুর একটি ক্যাফে শরবতের জন্যও গ্যাসের দাম হিসাবে অতিরিক্ত টাকা নিয়েছে। ক্যাফেটি বিলে ১৭৯ টাকা মূল্যের পানীয়ের উপর অতিরিক্ত ১৭.০১ টাকা গ্যাসের দাম যোগ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৭:৫৮

—প্রতীকী ছবি।

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচে পুড়ছে গোটা বিশ্বই। জ্বালানি সঙ্কটে অমিল রান্নার গ্যাস। ভারতের সমস্ত শহরেই ক্যাফে বা রেস্তরাঁয় খাবারের অতিরিক্ত দাম চোকাতে হচ্ছে গ্রাহককে। এই আবহে বেঙ্গালুরুর একটি ক্যাফে লেমোনেডের অর্ডারে অতিরিক্ত টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। লেমোনেডের অর্ডারে ৫ শতাংশ ‘গ্যাস ক্রাইসিস চার্জ’ যোগ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিলের একটি ছবি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পোস্টে দেখা গিয়েছে ক্যাফেটি বিলে প্রতিটি ১৭৯ টাকা মূল্যের পানীয়ের উপর অতিরিক্ত ১৭.০১ টাকা গ্যাসের দাম যোগ করেছিল। ৫ শতাংশ ছাড় এবং সাধারণ জিএসটি যোগ করার পর মোট বিল দাঁড়ায় ৩৭৪ টাকা। দু’টি পুদিনা স্বাদের লেমোনেডের বিলে আরোপিত এই অস্বাভাবিক কর অনেক ব্যবহারকারীকেই বিস্মিত করেছে। রান্না করা খাবার নয় এমন পণ্যে অতিরিক্ত টাকা নেওয়া কতটা ন্যায্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ক্যাফের রসিদ দেখে মজার মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন বহু নেটাগরিকই।

‘পাকচিকপাক রাজা বাবু’ নামের এক এক্স ব্যবহারকারী এই রসিদের ছবিটি পোস্ট করেছেন। তা দেখে এক নেটাগরিক ঠাট্টা করে লিখেছেন, “লেবুর শরবত গরম করে দিয়েছেন নাকি ?” অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারীর মন্তব্য, ‘‘বেঙ্গালুরুর আবহাওয়া পরিবর্তনের জন্যও টাকা নেবে নাকি এরা?” আবার নেটাগরিকদের একাংশ ক্যাফেটির পক্ষ নিয়ে মত প্রকাশ করে জানিয়েছেন, এলপিজির ক্রমবর্ধমান দামের কারণে এই সামান্য চার্জ যুক্তিসঙ্গত। যদিও তাঁরা পরামর্শ দেন যে এটি গ্রাহকদের জন্য ঐচ্ছিক হওয়া উচিত। চাইলে কেউ এই অতিরিক্ত দাম না-ও দিতে পারেন।

Bengaluru Cafe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy