বাইক নিয়ে একাই ভিন্রাজ্যে বেড়াতে গিয়েছিলেন অরুণাচল প্রদেশের এক তরুণী। বিহারের ভাগলপুরে এসে তিনি পথ হারিয়ে ফেলেন। ম্যাপ দেখেও হোটেল কোথায় তা ঠাহর করতে পারছিলেন না। তরুণীকে ওই অবস্থায় দেখে স্থানীয় দুই তরুণ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজেদের ব্যস্ততা সত্ত্বেও তাঁকে পথ দেখাতে এগিয়ে আসেন। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই তরুণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ভিডিয়োটি যিনি পোস্ট করেছেন সেই তেনজিন মেতো প্রাক্তন ‘অরুণাচল সুন্দরী’। তিনি তাঁর রাজ্যের প্রথম মহিলা বুলেটচালক। বাইক নিয়ে একাকী বিভিন্ন রাজ্যে অভিযানের জন্য পরিচিত তেনজিন প্রায়শই ইনস্টাগ্রামে ভ্লগের মাধ্যমে তাঁর যাত্রাপথের অভিজ্ঞতা তুলে ধরেন। সেই রকমই একটি ভিডিয়ো পোস্ট করে তেনজিন জানিয়েছেন, তিনি বিহারের ভাগলপুরে গিয়েছিলেন। পথ হারিয়ে ফেলার পর তিনি দু’জন স্থানীয় তরুণের দেখা পান। সেই দুই ব্যক্তি ক্যামেরার সামনে এসে নিজেদের পরিচয়ও দেন। তেনজিন জানান, তিনি তাঁর হোটেল খোঁজার চেষ্টা করছিলেন। এই দুই তরুণ নিজেদের কাজ থামিয়ে তাঁকে সাহায্য করেন এবং সঠিক রাস্তার হদিস দেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘মাঝে মাঝে মানচিত্র ভুল পথ দেখায়, কিন্তু মানুষ দেখায় না। ভাগলপুর আমাকে শুধু রাস্তাই দেখায়নি, দিয়েছে বিশ্বাসও। এমন অনেক অচেনা মানুষকে পেয়েছি, যাঁরা কোনও কারণ ছাড়াই আমার খেয়াল রেখেছেন। আর এই ভারতের জন্যই আমি যাত্রাপথে এগিয়ে চলেছি।’’
ভিডিয়োটি তেনজিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর প্রচুর মানুষ দেখেছেন। প্রায় দেড় হাজার মন্তব্য জমা পড়েছে সেখানে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কিছু লোকের কারণে বিহারের বদনাম হয়েছে, অথচ বিহারের বেশির ভাগ মানুষই নম্র ও সাহায্য করতে ভালবাসেন।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগলপুরে আপনাকে স্বাগত। বিহারের অন্য রূপ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’’