অন্যের ক্ষতির পরিকল্পনা মুহূর্তের মধ্যে বুমেরাং হয়ে ফিরে এল এক তরুণের কাছে। নিমেষের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠল ষড়যন্ত্র। রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্র্যাক্টরে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন তিনি। ফল হল উল্টো। আগুন লাগল তাঁর নিজের শরীরেই। সেই ভয়ঙ্কর ঘটনাটি সিসিটিভিতে বন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োটির সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের দিকে এক বাইকআরোহী একটি নির্জন রাস্তায় ঢুকেছেন। সেখানে আগে থেকেই দাঁড় করানো ছিল একটি ট্র্যাক্টর। হঠাৎ তিনি একটি ছোট বোতল বার করে ট্র্যাক্টরটির গায়ে দাহ্য তরল পদার্থ ছিটিয়ে দিতে শুরু করেন। অসাবধানতাবশত সেই তরল ছিটকে তাঁর পোশাক ও বাইকে এসে পড়ে। সম্ভবত তাঁর কোনও ধারণাই ছিল না যে এই ভুল মারাত্মক পরিণতি ডেকে আনবে। দেশলাই জ্বালিয়ে ট্র্যাক্টরটিতে আগুন ধরানোর চেষ্টা করতেই দাহ্য তরলে আগুন ধরে যায়। কিন্তু আগুন ট্র্যাক্টর পর্যন্ত পৌঁছোনোর আগেই আগুন ওই তরুণ এবং তাঁর বাইকটিকে গ্রাস করে ফেলে। হঠাৎ করে আগুন লাগতেই আতঙ্কিত হয়ে তরুণ নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। ভিডিয়োয় তাঁকে যন্ত্রণায় ছোটাছুটি করতে দেখা গিয়েছে। সেই ভয়াবহ ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি ‘বিআরএলসি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। আগুন ধরার দৃশ্যটি এতটাই ভয়াবহ যে তা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে। নেটমাধ্যম ব্যবহারকারীরা ভিডিয়োটি দেখে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঈশ্বরের লাঠির কোনও শব্দ হয় না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘একে বলে অন্যের জন্য কুয়ো খুঁড়তে গিয়ে নিজেই গর্তে পড়ে যাওয়া।’’