উত্তরপ্রদেশের মেলায় দুর্ঘটনা। বুধবার রাতে কুশীনগরের খড্ডা এলাকায় একটি মেলা চলাকালীন ৮০ জন আরোহীকে নিয়ে ভেঙে পড়ে প্রায় ৬০ ফুট উঁচু একটি নাগরদোলা। সেই ঘটনায় মহিলা এবং শিশু-সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর। বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর কুশীনগরে বার্ষিক ওই মেলার আয়োজন হয়। সেখানেই বুধবার রাতে আরোহীদের নিয়ে ভেঙে পড়ে নাগরদোলাটি। বার্ষিক ওই মেলায় প্রচণ্ড ভিড়ের মধ্যে ঘটনাটি ঘটায় ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, প্রায় ৮০ জন যাত্রীকে চাপানো হয়েছিল নাগরদোলায়। নাগরদোলাটি দু’বার চক্কর খাওয়ার পরেই অস্বাভাবিক ক্যাঁচক্যাঁচ শব্দ শোনা যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়া সত্ত্বেও, নাগরদোলা চালু রাখা হয়। এর কিছু ক্ষণের মধ্যেই সশব্দে ভেঙে পড়ে সেটি। মাটিতে ছিটকে পড়েন আরোহীরা। অনেকে নাগরদোলার কাঠামোতেই আটকে পড়েন। সঙ্গে সঙ্গে মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটার কিছু সময় পরেই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। উদ্ধারের কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। ভারী ধাতব কাঠামোর কারণে আটকে পড়া অনেকের কাছেই পৌঁছোনো কঠিন হয়ে পড়েছিল। ফলে সকলকে উদ্ধার করতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ছ’টি অ্যাম্বুল্যান্স। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাঁদের জেলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, নাগরদোলাটির ভিত্তি দুর্বল ছিল এবং সঠিক ভাবে সেটা বসানো হয়নি। ফলে অতিরিক্ত ভার সহ্য করতে পারেনি সেটি। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তদন্তের অংশ হিসাবে প্রশাসনের তরফে নিরাপত্তাবিধি এবং পরিচালনগত ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
মর্মান্তিক দুর্ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ডেডলি কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।