বাড়ির ছেলেই গাড়ি পার্কিং করেছিল মিনিট কয়েক আগে। সেই গাড়ি গড়িয়ে এসে পিষে দিল পরিবারে বৃদ্ধা সদস্যকে। সঙ্গে সঙ্গে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতার নাম সরলা কাটিয়া। ফারুখাবাদের আবাস বিকাশ কলোনির বাসিন্দা তিনি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ সরলা তাঁর বাসভবনের কাছে হাঁটার জন্য বেরিয়েছিলেন। সে সময় তাঁর পরিবারেই এক সদস্য বাড়িতে এসে গাড়ি পার্কিং করেন। কিন্তু ওই জায়গা ঢালু হওয়ায় গাড়িটি বাড়ি থেকে গড়িয়ে আসে। গাড়িটির ঠিক পিছনেই ছিলেন সরলা। গাড়িটি তাঁকে সুদ্ধ একটি পাঁচিলে গিয়ে ধাক্কা মারে সজোরে। পিষে দেয় বৃদ্ধাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি বেপরোয়া ভাবে পার্কিং করা হচ্ছিল। আর তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সরলার পরিবার তাঁর মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও প্রতিবেশীদের অভিযোগ।
আরও পড়ুন:
দুর্ঘটনার ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন রাহুল সাইনি নামের এক সাংবাদিক। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। মর্মান্তিক ওই ঘটনার ভিডিয়ো দেখে দুঃখও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।