Advertisement
E-Paper

ট্রেনের শৌচাগারের কাছে অঘোরে ঘুম! দুই সেনা জওয়ানকে জাগিয়ে যোগ্য সম্মান টিকিট পরীক্ষকের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা একটি ট্রেনের মাঝখানে দু’টি কামরার মাঝে শৌচাগারের ঠিক পাশে মেঝেয় অঘোরে ঘুমোচ্ছেন ভারতীয় সেনার দুই জওয়ান। এমন সময় সেখানে উপস্থিত হন ট্রেনের এক জন টিকিট পরীক্ষক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩৬
Video shows TTE rescuing Jawans who were sleeping near train toilets

টিকিট পরীক্ষকের সঙ্গে দুই জওয়ান। ছবি: ইনস্টাগ্রাম।

সারা দিনের কঠোর পরিশ্রম। সফরের সময় ট্রেনের শৌচাগারের কাছেই ঘুমিয়ে পড়েছিলেন দুই সেনা জওয়ান। ঘুম থেকে তুলে যোগ্য সম্মান দিলেন টিকিট পরীক্ষক। হৃদয়স্পর্শী সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা একটি ট্রেনের মাঝখানে দু’টি কামরার মাঝে শৌচাগারের ঠিক পাশে মেঝেয় অঘোরে ঘুমোচ্ছেন ভারতীয় সেনার দুই জওয়ান। এমন সময় সেখানে উপস্থিত হন এক জন টিকিট পরীক্ষক। এক জন জওয়ানকে ডাকতেই তড়িঘড়ি উঠে পড়েন তিনি। নিজের পরিচয়পত্র দেখান। এর পর টিকিট পরীক্ষক তাঁর সঙ্গে কথা বলেন। কেন তিনি শৌচাগারের সামনে শুয়ে রয়েছেন, তা জানতে চান। তিনি জানান, নির্বাচনের দায়িত্বের জন্য জরুরি ভাবে তলব করায় সংরক্ষিত টিকিট কাটতে পারেননি তাঁরা। তা শুনে দ্বিতীয় জওয়ানকেও ঘুম থেকে ডেকে দেন টিকিট পরীক্ষক। দু’জন জওয়ানকেই নিয়ে যান কামরার ভিতরে। ফাঁকা জায়গা দেখে ভাল ভাবে শোয়ার জায়গা করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে নজর কেড়েছে ভিডিয়োটি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়ানওয়ারিয়র_অফিসিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সমাজমাধ্যমে নেটাগরিকদের মন জয় করে নিয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে ওই টিকিট পরীক্ষক এবং জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কুর্নিশ জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমরা সবাই দেশপ্রেমী হতে পারি এবং নিজের নিজের দায়িত্ব পালন করতে পারি। দেশের সাহসী জওয়ানদের জন্য সাধ্যমতো যা কিছু করতে পারেন, তা করুন। টিকিট পরীক্ষক সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওঁদের প্রত্যেককে কুর্নিশ। তবে দুই জওয়ানকে শৌচাগারের কাছে ঘুমাতে হচ্ছে, এটাই লজ্জার। ওই টিকিট পরীক্ষককে শ্রদ্ধা জানাচ্ছি।”

Viral Video TTE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy