রাস্তায় দেখেই স্কুটি থামিয়েছিলেন যুবক। স্ত্রীর দিকে তেড়েও গেলেন তিনি। প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেন। কিন্তু ফল হল উল্টো। স্ত্রীকে মারতে গিয়ে নিজেই জনগণের কাছে পিটুনি খেয়ে গেলেন তিনি। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ঘটনাটি বেঙ্গালুরুর। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর কাছে থেমে যান। এর পর দৌড়ে তরুণীকে ধরে ফেলেন তিনি। তাঁর উপর হামলা শুরু করেন। অভিযোগ, তরুণীকে হত্যার চেষ্টা করেন যুবক। কিন্তু তিনি যখন তরুণীর উপর হামলা শুরু করেন তখন সেখানে ভিড় জমে যায় আমজনতার। সকলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তার পরেই যুবককে থামানোর চেষ্টা করেন তাঁরা। কয়েক জন এসে যুবককেই পেটতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি বেঙ্গালুরুর এবং ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিহির ঝা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার উপস্থিত জনতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মহিলাকে মার খেতে দেখে ভিডিয়ো না বানিয়ে কয়েক জন সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দেখে ভাল লাগল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যুবককে দেখে মনে হচ্ছিল তরুণীকে মেরেই ফেলবেন। কড়া শাস্তি দেওয়া হোক।’’