বাইক চালাতে চালাতেই পিছনে বসে থাকা প্রেমিকাকে মারধর। এক হাতে বাইকের হ্যান্ডল ধরে অন্য হাতে চালালেন চড়-থাপ্পড়! চুলের মুঠিও টেনে দিলেন প্রেমিকার। এক তরুণের এ-হেন কাণ্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি ওড়িশার ভুবনেশ্বরের স্টুডিয়ো স্কোয়্যার এলাকার। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। তাঁর পিছনে নীল সালোয়ার-কামিজ পরে বসে রয়েছেন এক তরুণী। বাইক চালাতে চালাতেই তরুণীকে নির্মম ভাবে মারধর করতে দেখা গিয়েছে ওই তরুণকে। এক হাতে বাইকের হ্যান্ডল ধরে অন্য হাতে প্রথমে তরুণীর চুল টেনে দেন তরুণ। পরে মাথায় পর পর চাঁটি মারতে থাকেন। বাইক চালাতে চালাতে ঘুষিও মারার চেষ্টা করেন তরুণীর মুখে। অন্য দিকে, তরুণী মুখ বুজে মার সহ্য করতে থাকেন। মুখ লুকিয়ে রাখার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ওই তরুণ এবং তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সমাজমাধ্যমে। জন্ম হয়েছে বিতর্কের। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কেন তরুণী নীরবে সব সহ্য করছেন? তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমাদের মেয়েদের কখনওই এই তরুণের মতো মানুষদের খপ্পরে পড়া উচিত নয়। প্রেমিক হিসাবে ঢুকে জীবন তছনছ করে দেবে।’’