Advertisement
E-Paper

পুজো দিচ্ছিলেন মহিলারা, হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল বটগাছ! নিশ্চল হয়ে দেখলেন ভক্তের দল, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধীরে ধীরে গাছটির সমস্ত অংশকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে। আগুনের শিখার সামনে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলেন মহিলারা। আগুনের লাগার পরেও তাঁদের ভক্তি অটুট ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১০:৪১

—আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বটগাছটিকে।

পুজো করতে এসে লঙ্কাকাণ্ড বেঁধে গেল পুরনো বটগাছের থানে। সাবিত্রীপুজোর জন্য জড়ো হওয়া মহিলাদের প্রদীপ থেকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল বটগাছটি। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাছে ছড়িয়ে পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই প্রদীপের আগুন গাছের শুকনো ডালপালা ও বিভিন্ন অংশে পৌঁছে যায়। গোড়া থেকে আগা পর্যন্ত আগুনে ভস্মীভূত হয়ে যায় গাছটি। এই ভয়ঙ্কর ঘটনাটির একটি ভিডিয়ো সমাজামাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ঘটনাটি কবে কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধীরে ধীরে গাছটির সমস্ত অংশকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, সাবিত্রীপুজোর সময় কিছু মহিলা গাছটির কাছে মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন। গাছের গোড়ায় বাঁধা ছিল সুতো ও ওড়না। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও, অল্প সময়ের মধ্যেই প্রদীপের আগুন ধরে যায় সেই সুতোয়। পরে শুকনো ডালপালা ও কাণ্ডে। সবচেয়ে আশ্চর্যজনক হল গাছটিতে আগুন লেগে যাওয়ার পর পুজো দিতে আসা কিছু মহিলা সেখানে দাঁড়িয়ে তখনও প্রদীপ জ্বালানো অব্যাহত রাখেন। গাছটির আগুন নেভানোর কোনও প্রয়াসই লক্ষ করা যায়নি তাঁদের মধ্যে। ভিডিয়োটিতে যে বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল গাছটিতে আগুন লাগার পরেও সেখানে উপস্থিত অনেকেই এই দৃশ্যটি দেখছিলেন। কিছু মহিলা আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। আগুনের শিখার সামনে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলেন। আগুনের লাগার পরেও তাঁদের ভক্তি অটুট ছিল।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘মিহিরকেআরঝা’ নামের অ্যাাকউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ২০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ব্রত পালনের উদ্দেশ্যে আসা ভক্তদের আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যে ভাবে গাছটিকে আগুনে পুড়তে দেখা গিয়েছে সেই দৃশ্য নেটাগরিকদের অনেককেই বিচলিত করেছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘পরের বার অবশ্যই পুজো করবেন, কিন্তু প্রদীপগুলিকে শুকনো কাণ্ড এবং সুতো থেকে দূরে রাখবেন, যাতে কোনও গাছের ক্ষতি না হয়।’’ অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারী বলেছেন, ‘‘তাঁরা সেই গাছটিই পুড়িয়ে দিয়েছেন কিছু ক্ষণ আগেই যাকে পুজো করেছেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy