আমরা প্রায় সকলেই ছেলেবেলা থেকে সাপ-লুডো খেলার সঙ্গে পরিচিত। মইয়ে করে ওঠা ও সাপের মুখে পড়লে নেমে আসাই খেলার নিয়ম। সেই খেলাটিকে বাস্তবের রূপ দিলেন এক তরুণী। বদ্ধ ঘরের মধ্যে জীবন্ত সাপ ও ছোট ছোট মই সাজিয়ে সেই খেলাটি খেললেন তরুণী ও তাঁর সঙ্গী এক তরুণ। সেই মজার অথচ বিপজ্জনক ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপে ভরা ঘরে মাটিতে সত্যিকারের মই রেখে ছক্কা ঘুরিয়ে দান ফেলে ছককাটা ঘরে লাফিয়ে লাফিয়ে ‘সাপ ও মই’ খেলা খেলছেন তরুণ ও তরুণী। তাঁরা যখন হাঁটছেন, সাপগুলোও এখানে-ওখানে সরসর করে সরে যাচ্ছে। ভিডিয়োটি নিঃসন্দেহে আকর্ষণীয়। কিন্তু বেশ কিছু নেটমাধ্যম ব্যবহারকারী দৃশ্যটিকে ভীতিকর বলে বর্ণনা করেছেন। ভিডিয়োটিতে ব্যান্ডেড ক্রেটের মতো দেখতে সাপ যেমন দেখা গিয়েছে, তেমনই পাইথনের মতো সাপও রয়েছে সেখানে। আবার লাউডগা সাপের মতো সবুজ রঙের সাপও নজরে পড়েছে ভিডিয়োয়। তরুণী ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ার চেষ্টা করতেই অজগরগুলি তেড়ে আসে তাঁর দিকে। ভয়ে চিৎকার করে লাফিয়ে ওঠেন তরুণী। যদিও ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
‘শিল্পী_রাহিলা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই রিলটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘এখন সাপ এবং মই খেলার পালা।’’ পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ৪২ লক্ষ বার দেখা হয়েছে। পোস্টটিতে ৬০ হাজার লাইক জমা পড়েছে। ভিডিয়োটি দেখে মন্তব্যের ঝ়ড় বয়ে গিয়েছে নেটমাধ্যমে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটিই আসল খেলা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এমন একটি ভিডিয়ো তৈরি করুন যা কেউ নকল করতে পারবে না।’’