ঝড়ের দাপটে উড়েই গেলেন এক ব্যক্তি। প্রবল বৃষ্টি আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া। একটি বড় ছাতা হাতে নিয়ে মুষলধারার বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও পারলেন না এক তরুণ। প্রবল বাতাসের ধাক্কায় ছাতা হাতে থাকা লোকটি ছাতা-সহ শূন্যে উড়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়েন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে। প্রাকৃতিক দুর্যোগের সেই দৃশ্যটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচণ্ড ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার কারণে যান চলাচলও স্তব্ধ হয়ে গিয়েছে। এক তরুণ রাস্তার পাশে একটি বড় ছাতা হাতে নিয়ে মুষলধারে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু বর্ষণ এতটাই প্রবল যে বড় ছাতাটিও তাঁকে রক্ষা করতে পারছে না। দমকা হাওয়া দিতেই ছাতাটি ভেঙে উল্টে দূরে ছিটকে পড়ে যান তিনি। সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ১৫ জুন ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রবল বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত এতটাই তীব্র ছিল যে, দক্ষিণ ভিয়েতনামের কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রাস্তাঘাট প্লাবিত হয় এবং আবহাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে হো চি মিন সিটির ৭ নম্বর জেলায়, যেখানে ‘ফু মি হাং’ কলোনির নিচু অংশগুলো জলমগ্ন হয়ে পড়ে। সোমবারের প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে শহরে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল। ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘আরব_স্টর্ম’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেকেই নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ এটিকে ভীতিকর বলছেন, আবার অন্যরা একে প্রকৃতির রুদ্র রূপ বলে অভিহিত করছেন।