Advertisement
E-Paper

আবাসনের জানলায় লেজ ঝুলিয়ে বসে মূর্তিমান আতঙ্ক, বন্দি করতে যেতেই এল তেড়ে, ছত্রভঙ্গ উদ্ধারকারীরা! তার পর?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মহারাষ্ট্রের অমরাবতী শহরের জনবহুল রামপুরী ক্যাম্প এলাকায় একটি চিতাবাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন কর্মকর্তা, পুলিশ এবং পুর কর্তৃপক্ষের কাছে তড়িঘড়ি খবর যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৮:২৩

—প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের আবাসনে আশ্রয় নিল এক চিতাবাঘ। ৮-৯ মাস বয়সি চিতাবাঘটিকে আবাসনের মধ্যে ঘোরাফেরা করতে দেখে চরম আতঙ্ক ছড়াল আবাসনে। চিতাবাঘটিকে ধরার জন্য খবর দেওয়া হয় প্রশাসন ও বন দফতরকে। দীর্ঘ ক্ষণের প্রচেষ্টার পর বন্যপ্রাণীটিকে কব্জা করা হয়। সেই উদ্ধার অভিযানের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মহারাষ্ট্রের অমরাবতী শহরের জনবহুল রামপুরী ক্যাম্প এলাকায় একটি চিতাবাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন কর্মকর্তা, পুলিশ এবং পুর কর্তৃপক্ষের কাছে তড়িঘড়ি খবর যায়। হামলা চালানোর আগেই চিতাবাঘটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু হয়। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যায়, চিতাবাঘটি একটি জানলার উপরে উঠে বসে আছে। সেখান থেকে নেমে আবাসনের ভিতরে ঘোরাঘুরি করছে। প্রাণীটিকে ধরার জন্য উদ্ধারকারী কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছেন। জাল পেতে চিতাবাঘটিকে বন্দি করার চেষ্টা করা হয়। এর পরই ঘটে যায় এক নাটকীয় ঘটনা। প্রাণীটি হঠাৎ একটি জানালা দিয়ে লাফিয়ে বার হয়ে আসে। ফলে উদ্ধারকর্মী ও উপস্থিত লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান। হাল না ছেড়ে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয় জোরকদমে। প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে হিংস্র প্রাণীটির নাগাল পান উদ্ধারকারী দল, পুলিশ এবং অমরাবতী পুরসভার আধিকারিকেরা।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ছ়ড়িয়ে পড়তেই তা বহু মানুষ দেখেছেন। চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে উদ্ধারকারী দলের সদস্য অমল গাভনার জানান, অত্যন্ত জনবহুল এলাকা। তল্লাশির সময় তাঁদের সন্দেহ হয়েছিল যে চিতাবাঘটি তুলনামূলক ভাবে অল্পবয়সি, পূর্ণবয়স্ক নয়। প্রায় দু’থেকে তিন ঘণ্টার চেষ্টার পর প্রাণীটিকে সফল ভাবে উদ্ধার করা হয়েছে।

Leopard Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy