ইন্দোনেশিয়ার বালির একটি বিলাসবহুল রিসর্ট থেকে জিনিসপত্র ব্যাগে ভরে নেওয়ার অভিযোগ উঠল চার ভারতীয় পর্যটকের বিরুদ্ধে। চেক-আউটের সময় রিসর্টের কর্মীদের তাদের লাগেজ পরীক্ষা করার সময় বমাল ধরা পড়েন চার জন। সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলের বাইরের চত্বরে ওই চার পর্যটকের ট্রলি খুলে তল্লাশি চালাচ্ছেন হোটেলের কর্মীরা। বালির গিয়ানিয়ার অঞ্চলের একটি বিলাসবহুল রিসর্টের কর্মীদের সন্দেহ হতেই পর্যটকদের মালপত্র পরীক্ষা করা শুরু হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে অতিথিরা তাঁদের মালপত্রের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন। দৃশ্যতই বেশ অস্বস্তিতে পড়েছেন তাঁরা। ক্যামেরার দিক থেকে মুখ লুকোচ্ছিলেন না। হোটেলের ঘর থেকে চুরির সন্দেহে উদ্ধার করা একের পর এক সামগ্রী মাটিতে ছড়িয়ে রাখা হচ্ছিল।
আরও পড়ুন:
বালি টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, পর্যটকেরা তিন দিন ও দুই রাতের জন্য দু’টি ঘর বুক করে ১৬ এপ্রিল আসভারা রিসর্ট উবুদে চেক-ইন করেছিলেন। ১৯ এপ্রিল সকালে, যখন তাঁরা চেক-আউট করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিষয়টি প্রকাশ্যে আসে। চেক-আউটের সময় ঘরের ভেতর থেকে একাধিক জিনিসপত্র উধাও দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরবর্তী কালে অতিথিদের জিনিসপত্র তল্লাশি করে তাঁদের ব্যাগের ভেতর থেকে জিনিসগুলি উদ্ধার করা হয়। স্নান করার তোয়ালে, সুইমিং পুলের তোয়ালে, একটি হেয়ার ড্রায়ার, কিমোনো ধরনের পোশাক, একটি পাপোশ, একটি টিভি রিমোটের বাক্স এবং রিসর্টের বাসনপত্র উদ্ধার হয় পর্যটকদের সুটকেস থেকে।
রিসর্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আইনি হাঙ্গামায় জড়াতে চাননি। উভয় পক্ষই মীমাংসার পথ বেছে নেয়। পর্যটকেরা সমস্ত জিনিসপত্র ফেরত দেন এবং কোনও পুলিশি অভিযোগ দায়ের ছাড়াই বিষয়টির সমাধান হয়ে যায়। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে তরুণস্পিকস নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে তাতে। বহু নেটাগরিকই পর্যটকদের আচরণের কড়া সমালোচনা করেছেন।