রোলস-রয়েসের মতো বিলাসবহুল গাড়ির নরম গদির মধ্যে গা ডুবিয়ে রাজকীয় মেজাজে চা পান। আমজনতাকে এই বিলাসী অভিজ্ঞতার স্বাদ দিতে একটি অভিনব আয়োজন করেছিলেন এক নেটপ্রভাবী। ১ লক্ষ টাকা দিয়ে রোলস-রয়েস ভাড়া করে তাতে চা বিক্রি করার ব্যবসা ফেঁদে বসেন। এই আয়োজনটির নাম দেন ‘রয়্যাল চা’। চা নয়, চা পরিবেশনের অভিনব পদ্ধতিটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বিলাসবহুল গাড়ি ভাড়া করা থেকে শুরু করে গ্রাহকের কাছে চা বিক্রি পর্যন্ত পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি করে ভিডিয়োর আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিয়োয় নেটপ্রভাবীকে বলতে শোনা যায়, ‘‘দেখা যাক, রোলস-রয়েসে চা বিক্রি করে কত টাকা আয় করা যায়।’’ ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, তরুণ গাড়ি ভাড়া করার দোকানে গিয়ে বিলাসবহুল গাড়িটি ভাড়া করেন। এর পর তিনি একটি চায়ের দোকানে গিয়ে তাঁর পরিকল্পনাটি নিয়ে আলোচনা করলেন। চায়ের দোকানের মালিক তাঁর এই পরিকল্পনায় রাজি হন। তার পর তাঁরা পরিষেবা দেওয়ার প্রস্তুতি শুরু করলেন। প্রথমে একটি বোর্ড ছাপালেন। তাতে পুরো পরিকল্পনাটি বর্ণনা করা হয়েছিল। এর পর গ্রাহকদের জন্য লাল গালিচা বিছোনো এবং চায়ের সঙ্গে পরিবেশনের জন্য কুকি ও বিস্কুটের ব্যবস্থার টুকরো টুকরো চিত্র ধরা পড়েছে ভিডিয়োয়।
ভিডিয়ো দেখা গিয়েছে অভিনব এই উদ্যোগে পথচলতি জনতা কৌতূহলী এবং আগ্রহী হয়ে উঠেছিলেন। পরিবার-সহ অনেকেই রোলস-রয়েসের ভিতরে বসে চা পানের অভিজ্ঞতা অর্জনের জন্য এসেছিলেন। চলন্ত রোলস-রয়েসে বসে চা পান করার মতো বিরল অভিজ্ঞতার সাক্ষী রইলেন। শুধু চা পানের জন্য ৩০০ টাকা ও গাড়িটিতে সফর করার জন্য ১০০০ টাকা ভাড়া নিচ্ছিলেন ওই তরুণ।
নেটপ্রভাবী তরুণ জানান যে গাড়িভাড়া ও চায়ের জন্য মোট খরচ হয়েছিল ১ লক্ষ ৮ হাজার টাকা। অন্য দিকে, তাঁর আয় হয়েছে ৮৮,৪০০ টাকা। লোকসান হলেও তরুণের দাবি, তিনি অন্তত কিছু মানুষকে খুশি করতে পেরেছেন। ভিডিয়োটি ‘ডিলাক্সভাইয়াজি’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ২০ লক্ষের বেশি লাইক জমা পড়েছে। হাজার হাজার নেটমাধ্যম ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য বিভাগে লিখেছেন, ‘‘দেখে খুব খুশি হলাম যে আপনি অন্য মানুষের জীবনে আনন্দ এনে দিচ্ছেন।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘যে টাকা লোকসান হয়েছে ভিডিয়ো থেকে যে টাকা পাবেন তা দিয়ে পুষিয়ে নিতে পারবেন।’’