ইনজেকশন নেওয়ার জন্য ট্রেনে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন এক তরুণী। মাঝপথে মুখ থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে তাঁর। ট্রেনের মেঝে রক্তে ভরে যায়। অপ্রস্তুত হয়ে অসুস্থ শরীর নিয়ে হাঁটু মুড়ে বসে পরনের কোট খুলে রক্তের দাগ মুছতে লাগলেন তরুণী।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৩ বছর তরুণীর নাম হু শিনইয়াও। দক্ষিণ-পশ্চিম চিনের চংকিংয়ের বাসিন্দা তিনি। ২০১৮ সালে স্কুলে পড়াকালীন হুয়ের সারা শরীরে লাল চাকা দাগ বেরিয়ে যায়। তাঁর চিকিৎসাও শুরু হয়। আগের স্কুল ছাড়িয়ে হু-কে অন্য স্কুলে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় হুয়ের বাবা-মা পড়াশোনা ছাড়িয়ে দেন।
আরও পড়ুন:
রোজগারের জন্য রাস্তায় রাস্তায় কমলালেবুর রস বিক্রি করতে শুরু করেন হু। ২০২৩ সালে অনলাইন মাধ্যমে লেখালিখি শুরু করেন তিনি। মাস গেলে ৮১ হাজার টাকা পর্যন্ত আয় করতেন হু। শিয়াও নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তরুণী। দু’মাস সম্পর্কে থাকার পর পাপবোধ ঘিরে ধরেছিল হুকে। শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকা যাবে না ভেবে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন তিনি। পরে জটিল রোগে মারা যান শিয়াও।
আরও পড়ুন:
হুয়ের জন্য সমস্ত সঞ্চয় রেখে গিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত চিকিৎসাবাবদ এক কোটি টাকা খরচ করে ফেলেছে হুয়ের পরিবার। জানা গিয়েছে, রক্তনালির এক বিরল রোগে ভুগছেন তিনি। দীর্ঘকালীন অসুস্থতার কারণে তাঁর কিডনিও বিকল হয়ে গিয়েছে। অনলাইন মাধ্যম থেকে প্রচুর টাকা অনুদান পেয়েছেন হু। ভবিষ্যতে চিনে একটি পরিচর্যাকেন্দ্র গড়ে তুলতে চান তিনি। গ্রামগঞ্জ থেকে রোগীকে নিয়ে তাঁর পরিবার বড় শহরে গেলে যেন সেখানে কম খরচে থাকতে পারেন, সেই আয়োজন করতে চান ২৩ বছরের তরুণী।