দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছেন তেলুগু অভিনেতা রাম চরণ। বিয়ের ১০ বছরের মাথায় প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন রাম চরণ এবং স্ত্রী উপাসনা। মেয়ের দু’বছর বয়স হতে না হতেই ফের সুখবর দিলেন দম্পতি। এ বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। এক কন্যা এবং এক পুত্র। কিন্তু হাসপাতালে যমজ সন্তান এবং স্ত্রীকে দেখতে গিয়ে এ বার বিপত্তির মুখে পড়তে হল জনপ্রিয় অভিনেতাকে। হাসপাতালের বাইরে তাঁকে ছেঁকে ধরে উন্মত্ত অনুরাগীদের ভিড়। ধাক্কাধাক্কিও হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় অভিনেতার দেহরক্ষীদের। সেই সময় রামচরণের কোলে ছিল তাঁর বছর দু’য়েকের কন্যা। তাকে নিয়ে ভিড় এড়িয়ে কোনও মতে হাসপাতালে ঢোকেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়েছে অভিনেতা রাম চরণের গাড়ি। তাঁর বাবা হওয়ার খবর চাউর হতে আগে থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন তারকার অনুরাগীরা। রাম চরণ গাড়ি থেকে নামতেই তাঁকে ছেঁকে ধরেন উন্মত্ত অনুরাগীর দল। রাম চরণের কোলে তখন ছিল তাঁর কন্যা ক্লিন কারা কোনিডেলা। ধাক্কাধাক্কি হওয়ায় এক বার মেজাজও হারান অভিনেতা। এর পর মেয়েকে কোলে নিয়েই ভিড় এড়িয়ে কোনও রকমে হাসপাতালে ঢোকেন তিনি। অন্য দিকে, রাম চরণের দেহরক্ষীদেরও ভিড় সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘চায়রিভিউস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। অভিনেতার অনুরাগীদের আচরণের নিন্দা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। ঘটনাটির সমালোচনা শুরু হয়েছে নেটমাধ্যম জুড়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অভিনেতা-অভিনেত্রীদেরও একটা ব্যক্তিগত জীবন থাকে। সেই জীবনটাকে সম্মান দিতে হয়। যা হয়েছে তা নিন্দনীয়। ভিড়ের মধ্যে বাচ্চাটির যদি কিছু হয়ে যেত!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘লজ্জা হওয়া উচিত। অভিনেতা স্ত্রী-সন্তানকে হাসপাতালে দেখতে এসেছেন, সেখানেও অনুরাগীরা পিছন ছাড়ছেন না? অদ্ভুত!’’
আরও পড়ুন:
রবিবার ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে রাম চরণ এবং উপাসনা তাঁদের যমজ সন্তান হওয়ার কথা ঘোষণা করেন। পরিবারের যমজ সন্তান আসার সুখবর দেন রামচরণের বাবা তথা তেলুগু সিনেমার সুপারস্টার চিরঞ্জীবীও। তিনি জানান, মা ও দুই সন্তানই ভাল আছে।