মৃত্যু হার মানল মায়েদের সাহসিকতার কাছে। রেললাইনে খুদে সন্তানদের চেপে শুয়ে থাকলেন তিন তরুণী। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল চলন্ত ট্রেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সকলেই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের শাহপুর পটোরি রেলস্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন জন মহিলা দুই শিশুকে নিয়ে একটি রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ওই লাইনে চলে আসে একটি দ্রুতগামী ট্রেন। হঠাৎ বিপদ আঁচ করে মহিলারা তাঁদের সন্তানদের নিয়ে সরাসরি রেলিংয়ের নীচে শুয়ে পড়েন। ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায়। অলৌকিক ভাবে মহিলা এবং শিশুরা অক্ষত ছিলেন। তবে ওই ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে খবর। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি দ্রুত লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিও আকর্ষণ করেছে।
আরও পড়ুন:
ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরভিসিজেইনস্টা’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তরুণীদের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। আবার ওই ভাবে রেললাইন পার হওয়ার জন্য তাঁদের নিন্দাতেও সরব হয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মায়েরা হলেন আসল সুপারহিরো।’’