মদের খোঁজে মাঝরাতে পানশালায় গিয়েছিলেন একদল তরুণ। অত রাতে মদ পরিবেশন করা হয় না তা জানিয়ে দিয়েছিলেন এক কর্মী। তা শুনেই খেপে যান তরুণের দল। পানশালার ভিতর ঢুকে মদের বোতল ভাঙচুর করতে শুরু করেন। মদের বোতল ছুড়ে পানশালার ম্যানেজারের মাথাও ফাটিয়ে দেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মহারাষ্ট্র বন্ধু নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পানশালার ভিতর ঢুকে সেখানকার ম্যানেজারকে মারধর করছেন তরুণের দল। কেউ মদের বোতল ভেঙে ফেলছেন, কেউ আবার ম্যানেজারকে মারার জন্য টেবিলের উপর উঠে পড়ছেন। মারধর করতে করতে ম্যানেজারের জামা ছিঁড়ে ফেলেছিলেন তাঁরা।
আরও পড়ুন:
হঠাৎ এক তরুণ ম্যানেজারের দিকে মদের বোতল তাক করে ছুড়ে মারেন। কাচের বোতল ভেঙে
গলগল করে রক্ত বেরোতে শুরু করে ম্যানেজারের মাথা থেকে। তবুও মারধর চালিয়ে যান
তরুণেরা। শেষ পর্যন্ত পানশালা থেকে বেরিয়ে যান তরুণেরা। গত বৃহস্পতিবার এই ঘটনাটি নাগপুররে
মানেভাড়া চকের একটি পানশালায় ঘটেছে। পানশালার ভিতরের সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরের
দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়োটি দেখে
ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণদের বিরুদ্ধে
থানায় অবিলম্বে অভিযোগ দায়ের করা প্রয়োজন।’’