Advertisement
E-Paper

সার্কাসে অঘটন! জাল ছিঁড়ে মঞ্চ থেকে দর্শকাসনে লাফিয়ে পড়ল বাঘ, তার পর… ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

নিরাপত্তার জন্য মঞ্চের চারদিকে যে জালটি দিয়ে ঘেরা ছিল, তা কোনও কারণে ছিঁড়ে যায়। সুযোগ বুঝে জালের ছেঁড়া জায়গা দিয়ে মঞ্চ থেকে দর্শকাসনে লাফিয়ে পড়ে একটি বাঘ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সার্কাসের মঞ্চের চারদিক জাল দিয়ে ঘেরা। মঞ্চের উপর তিনটি বাঘ নিয়ে খেলা দেখাচ্ছেন দু’জন রিং মাস্টার। বাঘের খেলা দেখে উত্তেজনা ধরে রাখতে পারছে না খুদেরা। হঠাৎ জালের একটি অংশ ছিঁড়ে নীচে পড়ে যায়। সুযোগ বুঝে সেই ছেঁড়া জালের মধ্যে দিয়ে শরীর গলিয়ে মঞ্চ থেকে দর্শকাসনে লাফ দিল সার্কাসের একটি বাঘ। ভয়ে চেঁচামেচি করতে শুরু করে দিলেন দর্শকেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফার্স্টপোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মস্ত বড় বাঘ দর্শকাসনের পিছনে ঘোরাঘুরি করছে। ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে খুদে দর্শকেরা। তাদের কোলে বসিয়ে আগলে রেখেছেন অভিভাবকেরা। বাঘটিকে দর্শকাসন থেকে সরিয়ে নিয়ে যেতে সেখানে উপস্থিত হন এক রিংমাস্টার। দর্শকদের শান্ত হয়ে সেখানে বসে থাকার নির্দেশ দেন তিনি। রিংমাস্টার জানান, দর্শকেরা যদি চঞ্চল হয়ে চিৎকার-চেঁচামেচি করেন তা হলে হিতে বিপরীত হতে পারে। রিংমাস্টারের কথা শুনে সকলে চুপচাপ বসে রইলেন।

বাঘটিও রিংমাস্টারের দেখা পেয়ে হেলেদুলে তাঁর কাছে চলে গেল। বাঘটিকে পিছনের দরজা দিয়ে বার করে খাঁচায় বন্দি করে রাখলেন রিংমাস্টার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রাশিয়ার দক্ষিণ প্রান্তের রস্তভ-অন-ডন শহরে ঘটেছে। জানা গিয়েছে, নিরাপত্তার জন্য মঞ্চের চারদিকে যে জালটি দিয়ে ঘেরা ছিল, তা কোনও কারণে ছিঁড়ে নীচে পড়ে যায়। তখন মঞ্চে তিনটি বাঘ নিয়ে খেলা দেখাচ্ছিলেন দু’জন রিংমাস্টার। সুযোগ বুঝে জালের ছেঁড়া জায়গা দিয়ে মঞ্চ থেকে দর্শকাসনে লাফিয়ে পড়ে একটি বাঘ। দক্ষতার সঙ্গে সেখান থেকে বাঘটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। সার্কাসের মঞ্চে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Viral Video Russia animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy