Advertisement
E-Paper

চারতলা থেকে নামতে গিয়ে লিফ্‌টের গর্তে পড়ে গেলেন বৃদ্ধ! পচা গন্ধে দু’দিন পর মৃতদেহ উদ্ধার, ভিডিয়ো ভাইরাল

কেবিন না এলেও যান্ত্রিক গোলযোগের কারণে লিফ্‌টের দরজা খুলে যায়। অন্ধকার থাকায় বৃদ্ধ তা বুঝতে পারেননি। তিনি লিফ্‌টের গর্তে পড়ে গিয়ে মারা যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১১:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আবাসনের বাগানের পরিচর্যা করতেন এক বৃদ্ধ কর্মী। কাজের জন্য আবাসনের চারতলায় উঠেছিলেন তিনি। দু’হাতে ব্যাগ ছিল তাঁর। লিফ্‌টে চেপে চারতলা থেকে নীচে নামবেন বলে বোতাম টিপে দরজা খুলেছিলেন বৃদ্ধ। লিফ্‌টের দরজা খুলে গেলেও চারতলায় তখনও লিফ্‌টের কেবিন পৌঁছোয়নি। না বুঝে দরজা খুলে ভিতরে পা ফেলেন বৃদ্ধ। কেবিন না থাকায় লিফ্‌টের গর্তের ভিতর পড়ে মৃত্যু হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধ লিফ্‌টে উঠতে গিয়ে সেই গর্তে পড়ে গেলেন। ঘটনাটি সম্প্রতি গুজরাতের বলসাড এলাকার একটি আবাসনে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধ আবাসনের বাগান পরিচর্যার জন্য নিযুক্ত ছিলেন। আবাসনের চারতলা থেকে লিফ্‌টে নামবেন বলে দরজা খুলেছিলেন তিনি। সাধারণত, লিফ্‌টের কেবিন নির্দিষ্ট জায়গায় না এসে পৌঁছোলে লিফ্‌টের দরজাও খোলে না।

পুলিশের দাবি, যান্ত্রিক গোলযোগের কারণে কেবিন না এলেও লিফ্‌টের দরজা খুলে যায়। অন্ধকার থাকায় বৃদ্ধ তা বুঝতে পারেননি। তিনি লিফ্‌টের গর্তের ভিতর পড়ে গিয়ে মারা যান। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। দু’দিন পর দুর্গন্ধ ছড়ালে আবাসনের বাসিন্দারা অভিযোগ জানান। তখন লিফ্‌টের গর্ত থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিফ্‌টের রক্ষণাবেক্ষণের জন্য কারা দায়ী, তা খতিয়ে দেখছে গুজরাত পুলিশ।

Advertisement
Viral Video Gujarat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy