দামি শাড়ি কিনতে চান বলে দোকানের কর্মীকে ভাল শাড়ি দেখানোর নির্দেশ দিলেন এক মহিলা ক্রেতা। তাঁর সঙ্গে ছিলেন এক ব্যক্তিও। দোকানের কর্মী একের পর এক দামি শাড়ি টেবিলে রাখতে শুরু করলেন। মহিলা ক্রেতাও কর্মীর চোখে ফাঁকি দিয়ে শাড়িগুলি অন্য একটি শাড়ির ভাঁজে গুঁজতে শুরু করলেন। পরে অন্য এক মহিলা ক্রেতা দোকানে ঢুকে সকলের আড়ালে তাঁর পরনের শাড়ির তলায় ২৫ খানা দামি শাড়ি ভরে সেখান থেকে পালিয়ে গেলেন। দোকানের সিসিটিভি ক্যামেরায় শাড়ি লুটের সেই দৃশ্য ধরা পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এনসিএমইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা শাড়ির দোকানে ঢুকে দামি শাড়ি দেখতে চাইলে দোকানের কর্মীও সেই অনুযায়ী শাড়ি দেখাতে শুরু করলেন। মহিলার সঙ্গে ছিলেন এক ব্যক্তিও। দোকানের কর্মী আড়াল হতে দু’জনেই শাড়ির ভাঁজে অন্য শাড়িগুলি গুঁজতে শুরু করলেন। তার পর সেই শাড়ি ভাঁজ করে টেবিলের অন্য দিকে সরিয়ে রাখলেন।
কিছু ক্ষণের মধ্যে শাড়ির দোকানে দল বেঁধে আরও কয়েক জন মহিলা ঢুকলেন। দোকানে ঢুকে এ দিক-ও দিক ঘুরে সেই মহিলা ক্রেতার পাশে দাঁড়িয়ে পড়লেন তাঁরা। এক মহিলা টেবিল থেকে শাড়ির পুঁটলি তুলে নিজের শাড়ির তলায় ভরে দোকান থেকে বেরিয়ে গেলেন। একে একে সকলেই দোকান থেকে শাড়ি লুট করে বেরিয়ে গেলেন। এই ঘটনাটি ওড়িশার আঙ্গুলের একটি শাড়ির দোকানে ঘটেছে। দোকানের মালিকের অভিযোগ, মোট ৭ লক্ষ টাকা মূল্যের মোট ২৫টি টিস্যু শাড়ি চুরি করে নিয়ে গিয়েছেন তাঁরা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ওড়িশা পুলিশ।