মঞ্চে বিয়ের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। কিন্তু বিয়ের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নতুন জামাই। নববধূর পাশে মাইক হাতে দাঁড়িয়ে গান ধরেছেন তিনি। আবেগে তিনি এমন ভেসে গিয়েছেন যে, চোখ বন্ধ করে গান গাইছেন। কিন্তু স্বামীর গান শুনে গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। চোখেমুখে বিন্দুমাত্র আনন্দ নেই। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইনস্টাভাইরাল.আইএনএম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নবদম্পতি মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। মাইক হাতে স্ত্রীর পাশে দাঁড়িয়ে গান করছেন তরুণ। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধড়কন’ ছবির ‘দুলহে কা সেহরা সুহানা লাগতা হ্যায়’ গানটি গাইছিলেন তরুণ। নতুন জামাইয়ের গান শুনে অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথি তাল মিলিয়ে নাচ করতে শুরু করে দিয়েছিলেন। কেউ কেউ আবার মঞ্চে উঠে তরুণকে বাহবা দিচ্ছিলেন।
কিন্তু তরুণের স্ত্রী ছিলেন নির্বিকার। তাঁর চোখেমুখে গাম্ভীর্যের ছাপ। বরের গান শুনে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। এ দিকে, নতুন বর গান গাইতে গাইতে আবেগে ভেসে গিয়েছেন। বহু ক্ষণ পর নববধূর ঠোঁটে মুচকি হাসি দেখা গেল। তা-ও বেশি ক্ষণ স্থায়ী হল না। গানের সঙ্গে সামান্য তাল দিয়েই থেমে গেলেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বরের গান মনে হয় নববধূর পছন্দ হয়নি। তাই ও ভাবে দাঁড়িয়েছিলেন।’’