বিমানবন্দরে পৌঁছোনোর পর চেকিংয়ের জন্য লাইন করে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও নিয়ম পালন করে সকলের পরিচয়পত্র খতিয়ে দেখছিলেন। কিন্তু তারকারা কি সাধারণদের জন্য তৈরি নিয়মকানুন মানেন! বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামার পর অন্য যাত্রীদের মতো আর লাইনে দাঁড়ালেন না বলিউড অভিনেত্রী করিনা কপূর খান। বিমানবন্দরের এক কর্মী তাঁকে স্বাগত জানিয়ে সোজা দরজার সামনে নিয়ে চলে গেলেন। করিনাও লাইনে দাঁড়ানো অপেক্ষারত যাত্রীদের পেরিয়ে দরজার মুখে চলে গেলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সচ্যা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গোলাপি রঙের চুড়িদার পরে বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামলেন বেবো। তার পর লাইনে দাঁড়ানো অপেক্ষারত যাত্রীদের পেরিয়ে সোজা বিমানবন্দরের দরজার মুখে চলে গেলেন পরিচয়পত্র দেখানোর জন্য। এই ঘটনাটি সম্প্রতি মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে। সাধারণত, বিমানবন্দরে প্রবেশের আগে নিরাপত্তারক্ষীদের পরিচয়পত্র দেখিয়ে তার পর ভিতরে ঢুকতে হয়। যাত্রীদের ভিড় থাকলে সকলে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে পড়েন। কিন্তু এই নিয়ম মানলেন না করিনা।
আরও পড়ুন:
অপেক্ষারত যাত্রীদের পেরিয়ে তিনিই সকলের আগে বিমানবন্দরে প্রবেশের সুযোগ পেলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘এগুলো তো তারকা হওয়ার সুবিধা। তাঁরা কি আর সাধারণ জনগণের জন্য তৈরি নিয়ম মেনে চলবেন!’’
আবার এক জন আপত্তি জানিয়ে লিখেছেন, ‘‘অর্থের বিনিময়ে যাত্রীরা এই ধরনের সুবিধা লাভ করতে পারেন। বিমানবন্দরে গাড়ি থেকে নামলেই এক কর্মী আপনার মালপত্র বহন করে সকলের আগে আপনাকে ভিতরে নিয়ে যাবেন। বিমানবন্দরের ভিতর কিছু কেনাকাটা করতে চাইলে তিনি সাহায্য করবেন। তা ছাড়া বহু অতিরিক্ত সুবিধা লাভ করতে পারেন যাত্রীরা। হতে পারে, করিনা অর্থের বিনিময়েই এই পরিষেবা গ্রহণ করছেন।’’