ব্যস্ত ভূগর্ভস্থ পথে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। এক নজরে তাঁকে দেখলে মনে হয়, তিনি কারও জন্য অপেক্ষা করছেন। কিন্তু তাঁর পোশাক দেখে ভিরমি খেলেন ব্যস্ত পথচারীরা। গায়ে একটি সাদা রঙের স্বচ্ছ জ্যাকেট চাপিয়ে রয়েছেন সেই তরুণ। জ্যাকেটের ভিতর কিলবিল করছে জ্যান্ত আরশোলা। কিন্তু তরুণ ভ্রুক্ষেপহীন। পকেটে হাত দিয়ে দিব্যি দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর ভাবলেশহীন ভঙ্গি দেখে এক পথচারী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেলি লাউড’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের পরনে সাদা রঙের একটি ফোলা জ্যাকেট। সেই জ্যাকেটটি স্বচ্ছ এবং ভিতরের অংশ কিছুটা ফোলা। সেই ফোলা অংশে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে আরশোলার দল। কিন্তু তরুণ দিব্যি সেই জ্যাকেটটি পরে দাঁড়িয়ে রয়েছেন। কোনও ভয়ডর নেই তাঁর।
তরুণের জ্যাকেটটি দেখে পথচারীদের কেউ কেউ নাক সিঁটকে এড়িয়ে গেলেন। কেউ কেউ আবার সেই ‘ভয়ানক’ পোশাকের ভিডিয়ো তুলে রাখলেন। সম্প্রতি এই ঘটনাটি নিউ ইয়র্ক সিটির একটি ভূগর্ভস্থ পথে ঘটেছে। জানা গিয়েছে, সেখানকার এক পোশাক প্রস্তুতকারী সংস্থা নিজেদের সামগ্রীর প্রচারের জন্য এই কৌশল করেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘লোকজনের মাথায় কী উদ্ভট চিন্তা আসতে পারে! এই ধরনের জ্যাকেট আদৌ কেউ কিনতে পারেন বলে তো মনে হয় না।’’