ছত্তীসগঢ়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনা! মঙ্গলবার বিকেলে বিলাসপুরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী ট্রেন এবং একটি মালগাড়ির। বিকাল সাড়ে ৪টে নাগাদ গেবরা রোড এবং বিলাসপুর স্টেশনের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে। এখনও সরকারি ভাবে হতাহতের কোনও তথ্য না মিললেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায়। আহতও হয়েছেন একাধিক যাত্রী। সমাজমাধ্যমের পাতায় ঘটনাটির বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি যাত্রিবাহী ট্রেন এবং একটি মালগাড়ির। ট্রেনটিকে দেখে লোকাল ট্রেন বলে মনে হচ্ছে। যাত্রিবাহী ট্রেনটির একটি কামরা মালগাড়ির কামরার উপরে উঠে গিয়েছে। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত। ট্রেন থেকে নেমে এসেছেন যাত্রীরা। আতঙ্কে দৌড়োদৌড়ি করছেন তাঁরা। অনেকে চিৎকার-চেঁচামেচি করছেন। অনেকে আবার বসে পড়েছেন রেললাইনের ধারে। বেশ কয়েক জন উদ্ধারকাজেও হাত লাগিয়েছেন। ভিড় উপচে পড়েছে ঘটনাস্থলে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে লভেশ ঘোষ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। যাত্রীদের সুস্থতাও কামনা করেছেন নেটাগরিকেরা।
অন্য দিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সে সময় কোরবা যাত্রিবাহী ট্রেন ওই লাইনে মালগাড়ির মুখোমুখি চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে মালগাড়িটিকে ধাক্কা মারে যাত্রিবাহী ট্রেনটি। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একটি কামরা।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।