নদীর ধারে দাঁড়িয়ে হাতিদের স্নান করানো দেখছিলেন এক তরুণী পর্যটক। জলকেলি করতে করতে দু’টি হাতি হঠাৎ নদীর ধারেই ধস্তাধস্তি শুরু করে দেয়। ধাক্কা সামলাতে না পেরে একটি হাতি তরুণীকে চাপা দিয়ে জলে পড়ে যায়। মাহুত শত চেষ্টা করেও আর সেই হাতিটিকে জল থেকে তুলতে পারলেন না। হাতির তলায় পিষে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল তরুণী পর্যটকের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
পিটিআই সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার কর্ণাটকের কোডাগু জেলার দুবারে বন্যপ্রাণী শিবিরে ঘটেছে। মৃত তরুণীর নাম তুলসী (৩৩)। চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন তিনি। স্বামী এবং সন্তানকে নিয়ে সেই শিবিরে ঘুরতে গিয়েছিলেন তুলসী। কাবেরী নদীর ধারে মাহুতেরা হাতিদের স্নান করাচ্ছিলেন। তা দেখতেই নদীর ধারে দাঁড়িয়েছিলেন তুলসী। স্নান করার সময় হঠাৎ দু’টি হাতির মধ্যে লড়াই শুরু হয়ে যায়।
আরও পড়ুন:
ধস্তাধস্তির ফলে টাল সামলাতে না পেরে তরুণী পর্যটকের উপর পড়ে যায় একটি হাতি। মাহুতের শত চেষ্টার পরেও হাতিটিকে জল থেকে তোলা গেল না। হাতির তলায় পিষে ঘটনাস্থলেই মারা যান তরুণী। কর্ণাটকের বনবিভাগ মন্ত্রী এশ্বর খান্দ্রে পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষকে আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে এবং পর্যটকেরা যেন বন্যপ্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন।