Advertisement
E-Paper

রাজস্থানের প্রবল দাবদাহে ঠান্ডা জল অমিল বিশ্ববিদ্যালয়ে! অভিনব উপায়ে প্রতিবাদ শিক্ষার্থীদের, ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো থেকে জানা গিয়েছে জয়পুরের একটি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে ঠান্ডা জল পাচ্ছিলেন না শিক্ষার্থীরা। প্রবল গরমে কোনও সমাধান না পেয়ে অভিনব পদক্ষেপ করেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৯:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি তাদের সুবিধা–অসুবিধার দিকে নজর রাখাও শিক্ষক-শিক্ষিকাদের কর্তব্য বলে মনে করা হয়। আবার অনেক সময়ই এর সম্পূর্ণ বিপরীত ছবিও দেখা যায়। তেমনই এক ঘটনা সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ঘটনা দেখে চরম অমানবিক বলে মনে করেছেন নেটপাড়ার বাসিন্দারা।

‘দ্য_আল্টিমেট_ট্রোল্‌স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে ঘটনাটি জয়পুরের একটি বিশ্ববিদ্যালয়ের। ক্যাপশনে এ-ও লেখা ছিল যে প্রবল দাবদাহে ছাত্র-ছাত্রীরা লাইব্রেরিতে ঠান্ডা জল পাচ্ছিলেন না। রাজস্থান ভারতের গ্রীষ্মপ্রধান রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেখানে এমন অব্যবস্থার ফলে মারাত্মক সমস্যায় পড়েছিলেন শিক্ষার্থীরা।

উপায়ান্তর না দেখে এক অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। তাঁদের সেই কাজই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একদল ছাত্র একটি ঘর থেকে ফ্রিজ সরিয়ে বাইরে করিডরে এনে রাখেন। এর পর ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। জানা গিয়েছে, নির্দিষ্ট ওই ঘরটি ছিল বিভাগীয় প্রধানের।

ঘটনাটি দেখে ক্ষোভে ফেটে পড়ে নেটপাড়া। শিক্ষার্থীদের সমর্থন করেছেন প্রায় সকলেই। অসংখ্য মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক জন লিখেছেন, আমাদের দেশের নেতাদের বিরুদ্ধেও এ ভাবেই প্রতিবাদে গর্জে উঠতে হবে।

Rajasthan Students Protest Jaipur Heatwave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy