একগুচ্ছ গ্যাসবেলুন নিয়ে আবাসনের লিফ্টে উঠেছিলেন এক যুবক। লিফ্টে উঠেছিলেন এক তরুণী এবং এক তরুণও। কিন্তু লিফ্টের দরজা বন্ধ হতে না হতেই ঘটল বিপত্তি। গ্যাসবেলুনগুলি ফেটে আগুন ছড়িয়ে পড়ল সারা লিফ্টে। তার পর? মারাত্মক সেই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের এক আবাসনে। যদিও লিফ্টে থাকা তিন জনেই বরাতজোরে বেঁচে গিয়েছেন। সামান্য আহত হয়েছেন তাঁরা। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমের একটি আবাসনে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের লিফ্টে ট্রলি ব্যাগ নিয়ে উঠেছেন এক তরুণী। তাঁর ঠিক পিছনেই একগুচ্ছ গ্যাসবেলুন নিয়ে লিফ্টে ওঠেন এক যুবক। আবার তাঁর পিছনে ওঠেন অন্য এক তরুণ। কিন্তু লিফ্টের দরজা বন্ধ হওয়ার সময় প্রচণ্ড আওয়াজ করে ফেটে যায় গ্যাসবেলুনগুলি। লিফ্ট জুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। যদিও সীমিত গ্যাস থাকায় সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আসে। লিফ্টের দরজা খুলে যেতেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে যান ওই তিন জন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই বেলুনগুলিতে হাইড্রোজেন গ্যাস ছিল। ওই তিন জনও কপালজোরে বেঁচে গিয়েছেন। তাঁদের শরীরের কোনও কোনও জায়গা সামান্য পুড়ে গিয়েছে। ঘটনার পর আবাসনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং দাহ্য পদার্থ নিয়ে লিফ্টে ওঠার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:
বিপজ্জনক সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেডলি কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। গ্যাসবেলুন নিয়ে লিফ্টে ওঠার জন্য যুবকের নিন্দা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তিন জনেই জোর বেঁচে গিয়েছেন। বড় দুর্ঘটনা ঘটেত পারত। এ রকম মূর্খামি কেউ করে?’’