Advertisement
E-Paper

স্ত্রীর স্বপ্নপূরণে আত্মত্যাগ, চাকরি ছেড়ে দশ বছর ধরে গৃহস্বামী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

অমিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আগে একটি সংস্থায় কাজও করতেন। কিন্তু প্রায় এক দশক আগে তাঁর জীবন এক ভিন্ন মোড় নেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:০৪
Viral video shows man sacrifices job to fulfil wife’s dream

বিহারের বাসিন্দা অমিত কুমার দুবে। ছবি: ইনস্টাগ্রাম।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চাকরিও করতেন। কিন্তু স্ত্রীর স্বপ্নপূরণে চাকরি ছেড়ে আজ তিনি গৃহস্বামী। এক জন গৃহবধূ বাড়িতে থাকতে যে যে কাজ করেন, ঠিক সেই সেই কাজই করেন তিনি। তবে তার জন্য কোনও আক্ষেপ তাঁর নেই। তেমনই এক ব্যক্তির কাহিনি এবং সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীর স্বপ্নপূরণে চাকরি ছেড়ে সংসার সামলানো ওই যুবকের নাম অমিত কুমার দুবে। বিহারের বাসিন্দা তিনি। অমিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আগে একটি সংস্থায় কাজও করতেন। কিন্তু প্রায় এক দশক আগে তাঁর জীবন এক ভিন্ন মোড় নেয়।

প্রতিবেদন অনুযায়ী, বছর দশেক আগে ব্যাঙ্ককর্মী প্রীতির সঙ্গে বিয়ে হয় অমিতের। অমিতের বাড়ির কাছেই প্রীতির বাড়ি। তিনি পরিবারের বড় মেয়ে। ছোটবেলা থেকেই সংসারের সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু অমিতের সঙ্গে বিয়ের পর অফিসের কাজ, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি এবং গৃহস্থালির কাজ সামলাতে সামলাতে হিমশিম খেতে হচ্ছিল তাঁকে। কিছু সময় পরেই প্রীতির স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ক্রমশ দুর্বল হয়ে পড়েন তিনি। এর পর প্রীতির শরীর আরও ভেঙে পড়লে অমিত বুঝতে পারেন, সংসারের কাজের ভাগ তাঁকেও নিতে হবে। কিন্তু তা করেও বিশেষ লাভ হয়নি। শেষমেশ স্ত্রী যাতে চাকরি করে জীবনে এগিয়ে যেতে পারেন, তার জন্য নিজের চাকরি ছেড়ে দেন অমিত। পাকাপাকি ভাবে গৃহস্বামী হিসাবে বাড়ির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই নিয়ে তাঁর পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছিলেন। অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অমিত।

অমিত ত্যাগ স্বীকার করার কারণে প্রীতির শারীরিক অবস্থার উন্নতি হয়। কেরিয়ারেও উন্নতি হয়। পদোন্নতি এবং বদলিও হয়। তবে সব জায়গাতেই প্রীতির সঙ্গে যেতেন অমিত। স্ত্রী যখন চাকরি করতেন, তখন ঘর সামলাতেন তিনি। বছর পাঁচেক আগে এক কন্যাসন্তানেরও জন্ম দেন দম্পতি। শুরু থেকেই মেয়ের বেশির ভাগ দায়িত্ব অমিতই পালন করছেন। অবসর সময়ে সৃজনশীল কাজের সঙ্গেও যুক্ত থাকেন তিনি।

অমিতের সেই জীবনযাত্রারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রতি দিনের গৃহস্থালির কাজ করছেন অমিত। রান্না করা থেকে ঘর পরিষ্কার— সবই তাঁর দায়িত্ব। এবং তা খুব খুশি মনেই করছেন তিনি। ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘দ্যবেটারইন্ডিয়া.হিন্দি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তুমি ভালবাসার মানুষ ভাই। তোমার মতো হতে হলে অনেক সাহসের প্রয়োজন।’’ অন্য একজন লিখেছেন, ‘‘লোকে কী বলবে, তা না ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছেন অমিত। আপনাকে কুর্নিশ।’’ তবে কেউ কেউ ভিডিয়োটি দেখে বাঁকা মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, ‘‘দু’জনেই চাকরি করে গৃহকর্মী রেখে দিতে পারতেন। তাতে হয়তো অনেক অসুবিধা হত, কিন্তু কাউকেই ত্যাগ করতে হত না।’’

Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy