ব্যাঙ্কের চাকরির পরীক্ষায় সফল কন্যা। খবর জানাতেই হাসি ফুটল বাবার মুখে। তার পরেই কান্নায় ভেঙে পড়লেন প্রৌঢ়। বাবার চোখে জল দেখে কাঁদল কন্যাও। আবেগঘন তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিছানায় আধশোয়া হয়ে বসে রয়েছেন এক প্রৌঢ়। পাশে স্ত্রী এবং কন্যা। প্রৌঢ়ের হাতে ফোন। এক মনে স্ক্রিনে কিছু একটা দেখছেন তিনি। কন্যা এবং মেয়ের মুখে হাসি। একটু পরে হাসি ফোটে প্রৌঢ়ের মুখেও। মাথা নাড়াতে নাড়াতে হাসতে শুরু করেন তিনি। তাঁর হাসিতে কন্যার জন্য গর্ব ফুটে ওঠে। হাসতে হাসতে তাঁর চোখ দিয়ে জলও গড়িয়ে পড়ে। তার পরে কেঁদে ফেলেন। বাবাকে ওই ভাবে কাঁদতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তাঁর তরুণী কন্যাও। তিনিও কেঁদে ফেলেন। স্বামী এবং কন্যাকে কাঁদতে দেখে কেঁদে ফেলেন তরুণীর মা-ও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ওই তরুণী ব্যাঙ্কের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই খুশিতে কাঁদছিলেন ওই পরিবারের সকলে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্যাটগার্লঅঙ্কিতা১৭’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন ভাল ভাল মন্তব্য করেছেন, তেমনই ওই তরুণীর সাফল্যের কারণে অভিনন্দন জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মধ্যবিত্ত পরিবারে সাফল্য এলে বাবা-মায়েরা এ ভাবেই প্রতিক্রিয়া দেখান।” অন্য এক জন লিখেছেন, ‘‘বাবার হাসি এবং নীরবতা বলে দিচ্ছে তিনি কতটা খুশি। তরুণীকে এই সাফল্যের জন্য অভিনন্দন।’’