৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এবং দুবাইয়ের অন্যতম পরিচিতি। কিন্তু সেই বুর্জ খলিফারই একদম ‘কাছ থেকে’ উড়ে গেল একটি বিমান। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে বিশাল সেই ইমারতের মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে বিমানটি উড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। ইজ়রায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতে পশ্চিম এশিয়ায় যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আবহে হইচইও ফেলেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সন্ধ্যার সময় বুর্জ খলিফার একদম সামনে থেকে বিপজ্জনক ভাবে উড়ে যাচ্ছে একটি বিমান। দেখে মনে হচ্ছে যেন বিমানটি এখনই ধাক্কা খাবে বিশ্বের উচ্চতম ভবনে। তবে বিমানটি বুর্জ খলিফার একদম সামনে থেকে চলে যায়। দৃশ্যটি অনেকেই ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাসল বিচ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এক্স-এর এআই বা কৃত্রিম মেধা গ্রোক দেখে যাচাইয়ের পর জানা গিয়েছে, ভিডিয়োটির মধ্যে কোনও মিথ্যা নেই। গত ২১ ফেব্রুয়ারি ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছে।
আরও পড়ুন:
তা হলে কী ভাবে সম্ভব সেই ঘটনা? বিষয়টি নিয়ে হইচই পড়তেই প্রকাশ্যে আসে সত্যি ঘটনা। দেখা যায়, পুরো বিষয়টি হয়েছে দৃষ্টিভ্রমের জন্য। যাত্রিবাহী বিমানটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বুর্জ খলিফার মাথার উপর দিয়ে যাচ্ছিল সেটি। বিমানটি উঁচু সেই ভবনের একদম কাছ থেকে উড়ে গিয়েছে বলে মনে হলেও সেটি আসলে বুর্জ খলিফা থেকে ১,৩০০ থেকে ১,৪০০ ফুট নিরাপদ উচ্চতায় উড়ছিল। কিন্তু নীচ থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করার জন্য এবং ক্যামেরার কোণের জন্য মনে হচ্ছে বিমানটি বুর্জ খলিফার সামনে দিয়ে উড়ছিল।
ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লেখেছেন, ‘‘ভিডিয়োটি আদতেই ভয়ের। দেখে মনে হচ্ছে বুর্জ খলিফায় ধাক্কা মারতে যাচ্ছে বিমানটি।’’