Advertisement
E-Paper

ধাক্কা খেয়ে ট্রাকের সামনে আটকে গেল যাত্রিবাহী গাড়ি, ঘষতে ঘষতে ওই ভাবেই চলল দেড় কিলোমিটার! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের টেকানপুর সীমানার বাইরে বাজেরা গ্রামের কাছে ঘটেছে। সূত্রের খবর, ডাবরা-গ্বালিয়র সড়কে দ্রুতগামী ট্রাকটি এসে ধাক্কা দেয় একটি গাড়িতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১০:০৩
Video shows truck drags car for 1.5 Km on Madhya Pradesh Highway, passengers escape unhurt

ছবি: এক্স থেকে নেওয়া।

ঠিক যেন টান টান সিনেমার দৃশ্য! মধ্যপ্রদেশের ডাবরা-গ্বালিয়র সড়কে একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর প্রায় ১.৫ কিলোমিটার টেনে নিয়ে গেল একটি দ্রুতগামী ট্রাক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পরেও চালক অক্ষত রয়েছেন। প্রাণে বেঁচে গিয়েছেন গাড়িতে থাকা তিন যাত্রীই। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের টেকানপুর সীমানার বাইরে বাজেরা গ্রামের কাছে ঘটেছে। সূত্রের খবর, ডাবরা-গ্বালিয়র সড়কে দ্রুতগামী ট্রাকটি এসে ধাক্কা দেয় একটি গাড়িতে। সংঘর্ষের পর গাড়িটি ট্রাকের সামনের অংশে আটকে যায়। তবে ট্রাক থামানোর পরিবর্তে চালক গাড়িটি ওই ভাবেই এগিয়ে নিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। গাড়িতে তিন জন যাত্রী ছিলেন। আশ্চর্যজনক ভাবে ভয়াবহ সেই ঘটনার পরেও তাঁরা সকলেই অক্ষত রয়েছেন বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির যাত্রীরা চিৎকার করে ট্রাক থামাতে বললেও তাঁদের কথায় কর্ণপাত করেননি ওই ট্রাকের চালক। কোনও সাড়াও দেননি। স্থানীয় এক বাসিন্দা ওই দৃশ্য দেখে তিনি তাঁর মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করেন। চালককে থামানোর জন্য ক্রমাগত চিৎকারও করতে থাকেন। অন্য পথচারীরাও ট্রাকটিকে থামানোর জন্য ইশারা করার চেষ্টা করেন। কিন্তু গাড়িটিকে প্রায় ১.৫ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর ট্রাকচালক সেটিকে রাস্তার ধারের খাদের দিকে ঠেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে স্থানীয়েরা বিলাউয়া এলাকায় ট্রাকটি থামাতে সক্ষম হন। পুলিশ হস্তক্ষেপ করার আগেই ক্ষুব্ধ পথচারীরা চালককে মারধর করেন বলেও জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজন বিশেষ সশস্ত্র বাহিনীর কর্তা ছিলেন। তিনি ওরছা শহর থেকে ফিরছিলেন বলেও জানা গিয়েছে। অন্তরী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গীতেশ শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত এই নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তিনি বলেন, ‘‘যদি কেউ অভিযোগ দায়ের করেন, তা হলে মামলা দায়ের হবে।” তবে তদন্তের জন্য ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন গীতেশ।

ভয়ঙ্কর ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ওই ট্রাকচালকের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন অনেকে।

Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy