প্রেমের প্রস্তাব কী ভাবে দেবেন, তা নিয়ে কমবেশি সকলেই চিন্তিত থাকেন। কেউ আংটি, কেউ গোলাপ, আবার কেউ দামি চকোলেট দিয়ে প্রেমপ্রস্তাব দিয়ে থাকেন। কেউ কেউ আবার নৈশভোজে নিয়ে গিয়ে মনের কথা জানান মনের মানুষকে। তবে সম্প্রতি এক যুবক যে ভাবে তাঁর বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, তা দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার ভিডিয়ো। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ এবং তরুণী। পাশেই একটি ফুচকার দোকান। এর পর ধীরে ধীরে তরুণীর সামনে হাঁটু মুড়ে বসে পড়েন তরুণ। আংটি বা গোলাপ নয়, ফুচকার প্লেট হাতে বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেন তিনি। তরুণীও হাসিমুখে সেই প্রস্তাব স্বীকার করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ভায়াং ইন্ডিয়া’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘অমূল্য মুহূর্ত। আমি কোল্ড কফি দিয়ে প্রেমপ্রস্তাব দিয়েছিলাম।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মহার্ঘ জিনিস। ভিডিয়ো দেখে আমারও এখন ফুচকা খেতে ইচ্ছা করছে।’’ তবে নেটাগরিকদের একাংশ ঘটনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি সাজানো হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।