দেরি করে পরীক্ষা দিতে ঢুকেছিল। কারণ জানতে চাইতেই শিক্ষিকার গালে সপাটে চড় মারল দ্বাদশ শ্রেণির পড়ুয়া! ছিটকে গেলেন ওই শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভি়ডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দাবি, ওই পড়ুয়ার নাম মহম্মদ খান আনসারি। দ্বাদশ শ্রেণির পড়ুয়া সে। সম্প্রতি স্কুলের পরীক্ষাহলে দেরি করে পৌঁছোয়। সে সময় হলে দায়িত্বে থাকা শিক্ষিকা তার কাছে দেরি করে পরীক্ষা দিতে আসার কারণ জানতে চান। তবে উত্তর না দিয়ে ওই শিক্ষিকার সঙ্গে বাগ্বিতণ্ডা জুড়ে দেয় পড়ুয়া। সে নাকি বলে, ‘‘বাড়িতে কেউ আমাকে প্রশ্ন করে না। তুমি আমাকে প্রশ্ন করার কে?’’ এর পরেই শিক্ষিকাকে জোরে থাপ্পড় মারে আনসারি। ছিটকে পড়ে যান শিক্ষিকা। এর পর অন্য দুই পড়ুয়া আনসারিকে থামানোর জন্য এগিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন অনেকে। নিন্দার ঝড় বয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, নারী নিরাপত্তা নিয়েও।