Advertisement
E-Paper

ক্যাবচালককে অশ্লীল অঙ্গভঙ্গি, হাতে ধাতব শিকল জড়িয়ে মারধর! দুই মদ্যপ তরুণীর ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর হুলিমাভু-দেভারাচিক্কানাহল্লি রোডে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই তরুণী জেপিনগর এবং কোরামঙ্গলা এলাকার বাসিন্দা। একটি ক্লাবে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০
Video shows drunk women create ruckus on busy road in Bengaluru, detained

মদ্যপ হয়ে দুই তরুণীর তাণ্ডব। ছবি: এক্স থেকে নেওয়া।

মদ্যপ হয়ে অ্যাপ ক্যাব চালককে মারধর। গাড়িতে ভাঙচুর। বাধা দিতে এলে অশ্লীল অঙ্গভঙ্গি। দুই তরুণীর কাণ্ডে বিশৃঙ্খলা ছড়াল বেঙ্গালুরুর রাস্তায়। একটি ক্লাবে মদ্যপান করার পর রাস্তায় বেরিয়ে ওই কাণ্ড ঘটাতে দেখা যায় দুই তরুণীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর হুলিমাভু-দেভারাচিক্কানাহল্লি রোডে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই তরুণী জেপিনগর এবং কোরামঙ্গলা এলাকার বাসিন্দা। একটি ক্লাবে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর বাইকে করে ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় এক যাত্রীকে তুলতে যাচ্ছিলেন আহমদ নামের এক অ্যাপ ক্যাব চালক। কিন্তু ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে, ওই দুই তরুণী বাইক নিয়ে আহমদের গাড়ির পিছনে ধাক্কা দেন। বাইক থেকে পড়েও যান তাঁরা। আহমদের গাড়িটিরও সামান্য ক্ষতি হয়। গাড়ি থেকে নেমে দুই তরুণীর কাছে ক্ষতিপূরণ দাবি করেন চালক।

দাবি, আহমদের কথায় পাত্তা না দিয়ে বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন দুই তরুণী। এর মধ্যেই রাস্তায় ভিড় জমে যায়। স্থানীয়েরা ধরে ফেলেন তাঁদের। আহমদও তাঁদের আটকাতে বাইকের চাবি খুলে নেন। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠেন দুই তরুণী। ক্যাবচালকের উপর হামলা চালান তাঁরা। এক তরুণী আবার হাতে ধাতব শেকল জড়িয়ে আহমদকে আক্রমণ করেন। আহমদের মুখ, হাত এবং পিঠ লক্ষ্য করে ঘুষি চালাতে থাকেন। অন্য জন জুতো দিয়ে আহমদকে মারার চেষ্টা করেন। আবার হস্তক্ষেপ করেন স্থানীয়েরা। দুই তরুণীকে ধরে নেন তাঁরা। তবে তাঁদের মধ্যে এক জন অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। চিৎকার এবং গালিগালাজ করেন। স্থানীয়দের উপরেও হামলা চালানোর চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাবচালকের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় মদ্যপ তরুণীদের। অভিযোগ, আটক করার সময় পুলিশকর্মীদের উপরও হামলা চালানোর চেষ্টা করেছিলেন তাঁরা। এর পর দুই তরুণীকে থানায় নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়। জানানো হয় দুই তরুণীর পরিবারকেও। পুরো বিষয়টি নিয়ে হুলিমাভু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনাটির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অভিযুক্ত দুই তরুণীর শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।

Viral Video Bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy