Advertisement
E-Paper

কবরস্থান থেকে খাবার অর্ডার করলেন কে? পথনির্দেশই বা দিলেন কোন ‘তরুণী’? ভয়ে পালালেন ডেলিভারি কর্মী! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাপ দেখে একটি নির্দিষ্ট জায়গায় খাবার পৌঁছে দিতে এসেছেন এক ডেলিভারি কর্মী। কিন্তু ঠিকানা নিয়ে একটু ধন্দ তৈরি হওয়ায় তিনি গ্রাহককে ফোন করেন। ফোন ধরেন এক মহিলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০
Video shows woman asked delivery boy to deliver food inside cemetery, he leaves without delivering

ছবি: এক্স থেকে নেওয়া।

ম্যাপ দেখে নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন এক ডেলিভারি কর্মী। কিন্তু সেই ঠিকানায় পৌঁছে আত্মারাম খাঁচাছা়ড়া হয়ে গেল তাঁর। খাবার ডেলিভারি না করে পালালেন সেই জায়গা থেকে। কিন্তু কেন? কোথায় অর্ডার করা হয়েছিল ওই খাবার? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাপ দেখে একটি নির্দিষ্ট জায়গায় খাবার পৌঁছে দিতে এসেছেন এক ডেলিভারি কর্মী। কিন্তু ঠিকানা নিয়ে একটু ধন্দ তৈরি হওয়ায় তিনি গ্রাহককে ফোন করেন। ফোন ধরেন এক মহিলা। ডেলি‌ভারি কর্মীকে পথনির্দেশ দেন। সেই নির্দেশ মেনে একটু এগোতেই চমকে যান ওই ডেলিভারি কর্মী। দেখেন, গ্রাহক তাঁকে একটি সমাধিস্থলের মধ্যে খাবার পৌঁছে দিতে বলছেন। বাইরে শুধু একটি কুকুর বসে। চারদিক শুনশান। সেই দৃশ্য দেখে খানিকটা থতমত খেয়ে যান ডেলিভরি কর্মী। গ্রাহককে জিজ্ঞাসা করেন, সেটিই সঠিক ঠিকানা কি না। উত্তরে মহিলা জানান, সমাধিস্থলের ভিতরেই খাবার পৌঁছে দিতে হবে। সেখানেই তিনি এবং তাঁর বন্ধুরা পার্টি করছেন। সে কথা শুনে আরও ভয় পেয়ে যান ডেলিভারি কর্মী। কাঁপা কাঁপা গলায় সাফ জানিয়ে দেন, সমাধিক্ষেত্রের ভিতরে তিনি খাবার পৌঁছোতে যাবেন না। প্রয়োজনে গ্রাহক যেন বাইরে এসে খাবার নিয়ে যান। উত্তরে তরুণী জানতে চান, ডেলিভারি কর্মী ভূতের ভয় পাচ্ছেন কি না! এর পর আর কথা বাড়াননি ওই ডেলিভারি কর্মী। জানান, তিনি ওখানে খাবার পৌঁছোতে পারবেন না। অর্ডার যেন বাতিল করে দেওয়া হয়। এর পর ফোন কেটে তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ বিষয়টিকে ‘ভূতুড়ে’ আখ্যাও দিয়েছেন। যদিও অন্য একাংশের দাবি, কেউ মজা করে ওই কাণ্ড ঘটিয়েছেন। এবং যদি তা সত্যি হয়, তা হলে সেই গ্রাহককে খুঁজে তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত। অনেকে আবার বিষয়টিকে স্রেফ সাজানো বলে উড়িয়ে দিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে ডেলিভারি কর্মীর উদ্দেশে লিখেছেন, “আপনি বলে এত কথা বলেছেন। আমি হলে অনেক আগেই পালিয়ে যেতাম অথবা ওখানেই অজ্ঞান হয়ে যেতাম।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা কী কোনও ধরনের মজা? যদি তা-ই হয়, তা হলে যিনি এই মজা করেছেন, তাঁর শাস্তি হওয়া উচিত ওই ডেলিভারি কর্মীকে হয়রানি করার জন্য। আর যদি সাজানো ঘটনা হয়ে থাকে, তা হলে তো কথাই নেই।’’

Viral Video Delivery Boy Graveyard
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy