প্রেম দিবস বা ‘ভ্যালেন্টাইন্স ডে’র কেনাকাটা করতে প্রেমিকাকে নিয়ে শপিং মলে গিয়েছিলেন এক যুবক। কেনাকাটা করতে মলের একই দোকানে পৌঁছে গেলেন স্ত্রীও। একে অপরকে দেখেই ঝাঁপিয়ে পড়লেন যুবকের স্ত্রী এবং প্রেমিকা। চুলের মুঠি ধরে পেটালেন একে অপরকে। নিমেষে রণক্ষেত্রে পরিণত হল শপিং মল চত্বর। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের সিভিল লাইনস রোডে একটি শপিং মলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় রবার্টসগঞ্জ থানা এলাকার ওই মলে প্রেমিকাকে নিয়ে প্রেম দিবসের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন স্থানীয় এক যুবক। অপ্রত্যাশিত ভাবে তাঁর স্ত্রীও সেখানে পৌঁছে যান। স্বামীকে অন্য এক মহিলার বাহুলগ্ন দেখে মেনে নিতে পারেননি বধূ। বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান যুবক। অন্য দিকে, দোকানের মধ্যে তাঁর স্ত্রী এবং প্রেমিকার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বেশ কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর একে অপরের দিকে তেড়ে যান দুই মহিলা। পরস্পরের চুলের মুঠি ধরে মারতে শুরু করেন। একে অপরকে গালিগালাজ করতে এবং এমনকি কামড়াতেও দেখা যায় তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন শপিং মলের কর্মীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, প্রায় ১৫ মিনিট ধরে হাতাহাতি চলে যুবকের স্ত্রী এবং প্রেমিকার মধ্যে। অন্য ক্রেতাদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। মলের কর্মীরা দুই মহিলাকে ধরে একে অপরের থেকে দূরে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও সেই ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুই মহিলার মারপিটের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিষয়টি পুলিশের কাছেও পৌঁছোয়। রবার্টসগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামস্বরূপ ভার্মা নিশ্চিত করেছেন, ওই বধূ থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন। তাঁর স্বামী ইদানীং অন্য মহিলাদের প্রতি ঝুঁকেছেন বলেও থানায় দাবি করেছেন বধূ। খবর, উভয় পক্ষের কথা শোনার পর দম্পতিকে সাবধান করে পুলিশ। যুবককে আলাদা করে সতর্ক করা হয়। যদিও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও মামলা দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:
যুবকের স্ত্রী এবং প্রেমিকার চুলোচুলির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মণীশ দেওয়াসি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে ভিডিয়োটি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যে দিকে তাকাই কেবল পরকীয়া। তবে এ সব বিষয় শান্ত ভাবে মিটিয়ে ফেলাই সমীচীন।’’