মাসির বাড়িতে ঘুরতে এসেছিলেন তরুণী। থাকছিলেন বেশ কয়েক দিন ধরে। পরিবারের সদস্যেরা তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসতেই তৈরি হল নাটকীয় পরিস্থিতি। তরুণী জানিয়ে দিলেন, বাড়ি ফিরবেন না তিনি। মেসোকে বিয়ে করে সেখানেই থেকে যাবেন পাকাপাকি ভাবে! বিষয়টি নিয়ে পারিবারিক ঝামেলা শেষমেশ এমন পর্যায়ে পৌঁছোয় যে পাড়াপড়শিদের ভিড় জমে যায় রাস্তায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরের শাদিপুর এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে এলাকা জুড়ে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাসি সন্তান জন্ম দেওয়ার পর তাঁকে সাহায্য করার জন্য তাঁর বাড়ি এসেছিলেন তরুণী বোনঝি। প্রায় ১৮ মাস সেখানেই থাকছিলেন তিনি। কিছুতেই যেতে রাজি হচ্ছিলেন না। সম্প্রতি তাঁর বাড়ির লোক তাঁকে নিতে আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তরুণী বার বার তাঁর বাড়ির সদস্যদের জোর দিয়ে বলছিলেন যে তিনি মাসির বাড়িতেই থাকতে চান। কিন্তু পরিবারের সদস্যেরা রাজি হননি। এর পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অটো ডাকা হলে চিৎকার করতে শুরু করেন তরুণী। তাঁর চিৎকারে রাস্তায় ভিড় জমে যায়। প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে জড়ো হন। এর পর উপস্থিত সকলকে চমকে দিয়ে তরুণী দাবি করেন, মেসোকে বিয়ে করে মাসির বাড়িতেই থেকে যেতে চান তিনি। বাড়ি যেতে চান না। এমনকি এ-ও যুক্তি দেন, অনেকেরই দু’জন স্ত্রী থাকে। তা হলে তাঁর মেসোকে বিয়ে করায় আপত্তি কথায়। তাঁর কথা শুনে হতবাক হয়ে যান পরিবারের সদস্যেরা। তাঁদের আপত্তি থাকা সত্ত্বেও নিজের অবস্থানে অটল ছিলেন তরুণী। এর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাস্তাতেই দুই পরিবারের তর্কবিতর্ক এবং চিৎকার-চেঁচামেচিতে ভিড় জমে যায়। কয়েক ঘণ্টা ধরে চলে বিতণ্ডা। অনেকে যানবাহন থামিয়ে ঝামেলা দেখতে থাকেন। যানজটও সৃষ্টি হয়। শেষমেশ অনেক বুঝিয়ে তরুণীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় তাঁর পরিবার।
আরও পড়ুন:
তরুণীর মাসি পরে স্থানীয়দের জানান, তরুণী তাঁর দিদির মেয়ে। প্রায় ১৮ মাস আগে তিনি সন্তান জন্ম দেওয়ার পর সাহায্য করার জন্য বোনঝি এসেছিলেন তাঁদের বাড়িতে। কিন্তু তার পর আর বাড়ি ফেরেননি। তিনি এ-ও জানান, বোনঝিকে নিয়ে তিনি আর তাঁর স্বামীর মধ্যে আগেও একাধিক বার ঝামেলা হয়েছিল। এর পর তরুণীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর মনের কথা প্রকাশ্যে আসে। তবে তরুণীর মাসি এ-ও জানিয়েছেন, এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বিষয়টি নিয়ে।
আরও পড়ুন:
খবর, পুলিশে মামলা না হলেও ঘটনাটি নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে এলাকা জুড়ে। এলাকায় প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে সেই ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর হইচই পড়েছে সমাজমাধ্যমেও।