Advertisement
E-Paper

বিবাদ সামলাতে ফ ব-য় ভার দুই সম্পাদককে

সংগঠনের অন্দরে কোন্দল ঠেকিয়ে মীমাংসা সূত্র বার করতে শেষ পর্যন্ত দলের দুই শীর্ষ নেতাকে ভার নিতে হল! রাজ্য ও জেলা স্তরে ইদানীং অন্তর্দ্বন্দ্বে জেরবার বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০২:৫৬

সংগঠনের অন্দরে কোন্দল ঠেকিয়ে মীমাংসা সূত্র বার করতে শেষ পর্যন্ত দলের দুই শীর্ষ নেতাকে ভার নিতে হল! রাজ্য ও জেলা স্তরে ইদানীং অন্তর্দ্বন্দ্বে জেরবার বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তিনটি জেলায় কমিটি ভেঙে দিয়ে অ্যাড হক কমিটি গড়া হয়েছে। আবার রাজ্য সম্পাদকমণ্ডলীর তিন সদস্য রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ ঘোষণা করে উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষুব্ধদের ডাকা সভায় যোগ দিয়েছেন। এই গোটা পরিস্থিতির জেরেই আপাতত সাংগঠনিক সমস্যা দেখভালের দায়িত্ব দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও নবতিপর রাজ্য সম্পাদক অশোক ঘোষের হাতে অর্পণ করেছে ফ ব-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী।

কলকাতায় দলের দফতরে রবিবার বসেছিল ফ ব-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠক। জেলা, রাজ্য ও কেন্দ্রীয় স্তরে দলের বিশেষ সম্মেলন আসন্ন। তার আগে রাজ্যে সংগঠনের মধ্যে সমস্যা কী ভাবে ঘনীভূত হয়েছে, তা নিয়ে এ দিনের বৈঠকে সবিস্তার আলোচনা হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, দেবব্রতবাবু ও অশোকবাবুই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংগঠনের যাবতীয় বিষয় দেখবেন। দলের এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘‘যা সিদ্ধান্ত নেওয়ার, এখন সাধারণ সম্পাদক ও রাজ্য সম্পাদক নেবেন। অ্যাড হক জাতীয় কমিটির এখন আর আলাদা করে বিশেষ গুরুত্ব থাকল না। আগামী ৮ সেপ্টেম্বর রাজ্য কমিটির বৈঠকে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে বলে আশা করা যায়।’’ অ্যাড হক কমিটি এখন রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি ও বর্ধমান জেলায়। অ্যাড হক কমিটিকে এড়িয়ে সভা আয়োজন করার জন্য শো-কজ করা হয়েছে উত্তর ২৪ পরগনার তিন নেতা হরিপদ বিশ্বাস, সঞ্জীব চট্টোপাধ্যায় ও আব্দুল বারিকে। তাঁদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার ভার এখন দেবব্রতবাবু ও অশোকবাবুর উপরে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy