E-Paper

প্রচারে বাধার অভিযোগ বিজেপি প্রার্থীর

এ দিন কর্মী-সমর্থকদের নিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন অশোক। কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৯:৪৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিধানসভা ভোটের আবহে বনগাঁ উত্তর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়ার প্রচার ঘিরে ফের অশান্তির অভিযোগ উঠল। অভিযোগ, শুক্রবার বনগাঁ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে ২০ ও ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে গেলেও বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন অশোক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কর্মী-সমর্থকদের নিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন অশোক। কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। অভিযোগ, রাস্তার উল্টো দিক থেকে একদল মহিলা এগিয়ে প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে এলাকায় তাঁর দেখা মেলেনি, উন্নয়নও হয়নি। বিজেপি কর্মী ও স্থানীয় মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। ধাক্কাধাক্কি, মারামারি বাধে। এক মহিলার কথায়, ‘‘আমরা বিধায়কের ভোটের প্রচারে বাধা দিইনি। শান্তিপূর্ণ ভাবে প্রশ্ন করতে গিয়েছিলাম।’’ মহিলাদের দাবি, তাঁদের মারধর করেছেন বিজেপি কর্মীরা। এক মহিলার কথায়, ‘‘বিধায়ক আমাদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন।’’

অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে। অশোক বলেন, ‘‘তৃণমূলের নোংরামির চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে।’’ তৃণমূলের ১৩ নম্বর ওয়ার্ডের পুরসদস্য মৌসুমী চক্রবর্তী বলেন, ‘‘বিধায়ক গত পাঁচ বছরে কোনও উন্নয়ন করেননি। মহিলারা সেটাই বলতে গিয়েছিলেন। উল্টে তাঁদের মারধর করা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangaon BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy