বিজেপি-র জেলা যুব মোর্চার সহ-সভাপতি জয় সাহাকে পুলিশ গ্রেফতার করল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মুরাগাছা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। শনিবার সকালে জয়কে ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়।
থানা থেকে বেরিয়ে আদালতে যাওয়ার পথে তিনি অভিযোগ করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। ফাঁসিয়েছে তৃণমূল। যদিও পূর্ব পানিহাটি তৃণমূলের সভাপতি সম্রাট চক্রবর্তী বলেছেন, ‘‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’ সম্রাটের পাস্টা অভিযোগ,‘‘জয় সাহার নামে আগ্নেয়াস্ত্র সরবরাহ করা থেকে শুরু করে নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ ঘোলা থানায় জমা পড়েছে। তাই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’’
তবে বিজেপি-র কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর দাবি করেছেন, ‘‘নির্বাচনের পর থেকে বিজেপির কর্মী-সমর্থকেরা ঘরছাড়া। তৃণমূলের তরফ থেকে মিথ্যা অভিযোগ করে বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। জয় সাহা যেহেতু নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, সেই কারণে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে গ্রেফতার করিয়েছে।’’