এক ব্যক্তির গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বারুইপুর এলাকায়। শনিবার রাতে বারুইপুরের নবগ্রাম এলাকা থেকে ওই দেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানোহয়েছে, মৃত ব্যক্তির নাম আলাউদ্দিনগাজি (৪০)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। এই ঘটনায় রাতেই আলাউদ্দিনের খুড়তুতো ভাই আশিক গাজি গ্রেফতার হয়েছে।
সম্পর্কের টানাপড়েনের জেরে এই খুনের ঘটনা বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রের খবর, এলাকায় একটি মাঠের কাছে আলাউদ্দিনের দেহটি পড়েছিল। তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। তদন্তে নেমে রাতেই ধরা হয় বছর উনিশের আশিককে।
পরিবার ও স্থানীয় সূত্রের খবর, আশিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল আলাউদ্দিনের স্ত্রীর। তা নিয়ে কয়েক দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। আলাউদ্দিন কাপড়ের ব্যবসা করতেন। তদন্তে জানা গিয়েছে, রোজকার মতোই শনিবারও সকালে কাজে বেরোন তিনি। সঙ্গে যান স্ত্রীও। কাজ থেকে ফিরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান আলাউদ্দিন। সেখানে আসেন আশিক। ছিলেন আলাউদ্দিনের শ্যালকেরাও।
সেখানেই এক দফা ঝগড়ার পরে আলাউদ্দিন ঘর থেকে বেরিয়ে এলে, তাঁর পিছু ধাওয়া করে একটি ফাঁকা জায়গায় গিয়ে আশিক তাঁর গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেন বলে অভিযোগ। গ্রেফতারের পরে রবিবার আশিককে আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশিককে জেরা করা হচ্ছে। খুনের ঘটনায় আলাউদ্দিনের স্ত্রীর কোনও ভূমিকা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আর অন্য কেউ এই ঘটনায় যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)